ইরান-আমেরিকার শান্তি চুক্তির মধ্যে এবার নতুন বাধা! ডোনাল্ড ট্রাম্প মিথ্যা বলছেন বলে বিস্ফোরক দাবি করলেন ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাকের কালিবাফ। তাঁর কথা অনুযায়ী, এক ঘণ্টায় পর পর সাতটি মিথ্য...
ইরান-আমেরিকার শান্তি চুক্তির মধ্যে এবার নতুন বাধা! ডোনাল্ড ট্রাম্প মিথ্যা বলছেন বলে বিস্ফোরক দাবি করলেন ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাকের কালিবাফ। তাঁর কথা অনুযায়ী, এক ঘণ্টায় পর পর সাতটি মিথ্যা কথা বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট। ফলে এই মিথ্যায় সমঝোতার পথ আরও কঠিন হচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। যদিও আগামী সোমবার ইসলামাবাদে দ্বিতীয় দফার বৈঠকে যোগ দেবে আমেরিকা ও ইরানের প্রতিনিধিরা। সেই বৈঠক থেকে শেষমেশ কী রফাসূত্র বেরোয়, আপাতত সেই দিকেই নজর বিশ্বের।
বৃহস্পতিবার মধ্যরাতে ইজরায়েল-লেবাননের যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তারপরেই হরমুজ প্রণালী খুলে দেওয়া হল বলে সমাজমাধ্যমে জানিয়েছিলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি ওই পোস্টে জানিয়েছিলেন, ইজরায়েল ও লেবাননের সংঘর্ষবিরতি যত দিন চলবে, তত দিন হরমুজ প্রণালীও খোলা থাকবে। তবে তার পরেই ট্রাম্প জানান, আমেরিকার নৌবাহিনী হরমুজে যে অবরোধ শুরু করেছে, তা এখনই থামছে না। অর্থাৎ, ইরানের বন্দর থেকে আসা এবং সে দিকে যাওয়া জাহাজগুলিকে হরমুজে আটকাবে আমেরিকা। সেই সঙ্গেই তাঁর দাবি, এই অবরোধ অবশ্য বেশিক্ষণ চলবে না। কারণ ইরানের সঙ্গে আমেরিকার সমঝোতা প্রায় চূড়ান্ত হয়েই এসেছে।
অন্যদিকে ট্রাম্পের সেই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিরোধিতা করেন কালিবাফ। শনিবার সমাজমাধ্যমে তিনি লেখেন, অবরোধ আমেরিকা চালিয়ে গেলে হরমুজ প্রণালীও খোলা হবে না। সেই সঙ্গেই তাঁর দাবি, ট্রাম্প একের পর এক মিথ্যা বলে চলেছেন। এক ঘণ্টায় তিনি ইরান সম্পর্কে সাতটি মিথ্যা দাবি করেছেন বলে অভিযোগ।