জ্বলছে মধ্যপ্রাচ্য। ঝাঁকে ঝাঁকে মিসাইল- ড্রোন আছড়ে পড়ছে। রাতভর তেহরানে হামলা চালিয়েছে ইজ়রায়েল। গুঁড়িয়ে দিয়েছে ইরানের গোয়েন্দা সদর দফতর, রাষ্ট্রীয় সংবাদ সংস্থার অফিস। এর মধ্যেই মঙ্গলবার ভোরে কুয়েত এব...
জ্বলছে মধ্যপ্রাচ্য। ঝাঁকে ঝাঁকে মিসাইল- ড্রোন আছড়ে পড়ছে। রাতভর তেহরানে হামলা চালিয়েছে ইজ়রায়েল। গুঁড়িয়ে দিয়েছে ইরানের গোয়েন্দা সদর দফতর, রাষ্ট্রীয় সংবাদ সংস্থার অফিস। এর মধ্যেই মঙ্গলবার ভোরে কুয়েত এবং সৌদি আরবের রাজধানী রিয়াধের আমেরিকার দূতাবাসে ড্রোন হামলা চালাল ইরান। অবিলম্বে পশ্চিম এশিয়ার ১৪টি দেশ ছাড়ার পরামর্শ দিয়ে বিশেষ অ্যাডভাইজ়ারি জারি করেছে আমেরিকা।
কোনও ভাবেই যেন এখন ইরান এবং ইরাকে না যান মার্কিন নাগরিকরা, এই মর্মেই লেভেল ৪ ‘ডু নট ট্র্যাভেল’ নির্দেশিকা জারি করে নাগরিকদের সতর্ক করল মার্কিন বিদেশ দপ্তর। পশ্চিম এশিয়ার সংঘর্ষদীর্ণ পরিস্থিতির প্রেক্ষিতেই আমেরিকার এই নির্দেশিকা।
শুধু তাই নয়, মার্কিন নাগরিকদের লেবানন সফরও আপাতত স্থগিত রাখার অনুরোধ করেছে আমেরিকা। লেবাননে হেজ়বোল্লা জঙ্গিগোষ্ঠীর উপরে আক্রমণ চালাচ্ছে ইজ়রায়েল। তাতে সোমবারই বেশ কয়েকজন প্রাণ হারিয়েছে। লেবাননের রাজধানী বেইরুটের মার্কিন দূতাবাস সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছে, ‘যে সব মার্কিনিরা এখন লেবাননে রয়েছেন, তাঁরা অবিলম্বে যে কোনও উপায়ে ফেরত চলে যান। লেবাননের পরিস্থিতি অশান্ত, যে কোনও মুহূর্তে আরও খারাপ হতে পারে। আর কোনও মার্কিন নাগরিক খুব প্রয়োজন ছাড়া এখন লেবাননে আসবেন না।’
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাস আবার তাদের আধিকারিক এবং ইরাকে থাকা আমেরিকানদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে নির্দেশ দিয়েছে। মার্কিন দূতাবাসের বক্তব্য, ‘সতর্ক থাকুন, লো প্রোফাইল বজায় রাখুন এবং নিরাপদ স্থানে আশ্রয় নিন। ইরান সমর্থিত জঙ্গিরা এখন ইরাকের নিরাপত্তার জন্যও বড়সড় থ্রেট। তাই সতর্ক থাকুন।’