সাধারণ নির্বাচনের শেষে জোর কদমে ভোট গণনা শুরু হয়েছে নেপালে। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত ভোট গণনায় এগিয়ে রয়েছে সে দেশের 'তরুণ তুর্কিদের' পছন্দের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। ওই দলের প...
সাধারণ নির্বাচনের শেষে জোর কদমে ভোট গণনা শুরু হয়েছে নেপালে। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত ভোট গণনায় এগিয়ে রয়েছে সে দেশের 'তরুণ তুর্কিদের' পছন্দের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। ওই দলের প্রধান মুখ তথা কাঠমান্ডুর প্রাক্তন মেয়র বলেন্দ্র শাহ ঝাপা ৯৪টি আসনে এগিয়ে রয়েছেন বলে খবর সূত্রের। অন্যদিকে নেপালি কংগ্রেস একটি আসনে পেয়েছে এবং আরও ১০টি আসনে এগিয়ে রয়েছে বলে খবর।
অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে গতকাল, বৃহস্পতিবার নেপালে সাধারণ নির্বাচন শুরু হয়। মোট ২৭৫টি আসনে ভোটগ্রহণ হয়। যার প্রতিদ্বন্দ্বিতা করে ৬৫টি রাজনৈতিক দল। গত বছর সেপ্টেম্বর মাসে জেন-জি বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল ভারতের পড়শী দেশ নেপাল। বাংলাদেশের মত সেখানেও ছাত্র আন্দোলনের জেরে পতন ঘটে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকারের। এরপর উত্তেজনার মধ্যেই সে দেশের অন্তর্বর্তী প্রধান হিসেবে মনোনীত করা হয় সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সুশীলা কার্কী'কে। এই অবস্থায় বিভিন্ন স্তরে আলাপ-আলোচনা শেষে গতকাল নির্বিঘ্নে নির্বাচন শেষ হয় হিমালয়ের কোল ঘেঁষা এই দেশে।
অন্যদিকে আগাগোড়াই নেপালের জেন-জি'দের পছন্দের তালিকায় সেরা ছিলেন প্রাক্তন গায়ক তথা রাজধানী কাঠমান্ডুর প্রাক্তন মেয়র বলেন্দ্র শাহ। পাশাপাশি গত বছরের ছাত্র আন্দোলনের অন্যতম পৃষ্ঠপোষকও ছিলেন তিনি। এই অবস্থায় ঝাপা-৫ আসনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তথা কমিউনিস্ট পার্টি অফ নেপাল-এর ওলির বিরুদ্ধে লড়ার সিদ্ধান্ত নেন বলেন্দ্র। ঘটনাচক্রে এইবারের নির্বাচনে ওলির দল নির্বাচনে অংশ নিলেও তেমন আশানুরূপ ছাপ ফেলতে পারেনি।
অন্যদিকে ২০১৫ সালের নতুন সংবিধান অনুযায়ী নেপালে একটি মিশ্র নির্বাচনী ব্যবস্থা রয়েছে। যার প্রথম পদ্ধতিটি প্রত্যক্ষ নির্বাচন বা 'ফার্স্ট পাস্ট দ্য পোস্ট', যেখানে যে প্রার্থী সর্বাধিক ভোট পান— তিনিই আসনটিতে জয়ী হন। আর দ্বিতীয়টি হল পরোক্ষ নির্বাচন। অর্থাৎ, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি বা 'পিআর', এতে একটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের অনুপাত হিসাব করে সংশ্লিষ্ট দলের মনোনীত প্রার্থীদের 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভস'-এর সদস্য পদ দেওয়া হয়।
এই অবস্থায় নেপালে ৬৫টি দলের মধ্যে ভোটযুদ্ধ হলেও মূলত চারটি দল রয়েছে শীর্ষ তালিকায়। এই দলগুলি হল প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল কমিউনিস্ট পার্টি অফ নেপাল, আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ডর নেপালি কমিউনিস্ট পার্টি, গগনকুমার থাপার নেপালি কংগ্রেস এবং বলেন্দ্র শাহ-র রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। তবে চূড়ান্ত গণনা শেষে কোন দলের প্রধানমুখ শেষ হাসি হাসবে তা, সময় ঠিক করবে।