পূর্বতন সরকারের আমলের শিল্পখরা কাটাতে তৎপর রাজ্যের নতুন সরকার। ইতিমধ্যেই রাজ্যে একাধিক শিল্পের বিনিয়োগ হয়েছে। শুরু হয়েছে নতুন শিল্প সংস্থা তৈরির কাজ। এমতাবস্থায় আজ, শুক্রবার সিটি সেন্টারে বিখ্যাত বস্ত...
পূর্বতন সরকারের আমলের শিল্পখরা কাটাতে তৎপর রাজ্যের নতুন সরকার। ইতিমধ্যেই রাজ্যে একাধিক শিল্পের বিনিয়োগ হয়েছে। শুরু হয়েছে নতুন শিল্প সংস্থা তৈরির কাজ। এমতাবস্থায় আজ, শুক্রবার সিটি সেন্টারে বিখ্যাত বস্ত্র বিপণন সংস্থার আউটলেট উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি খুব শীঘ্রই কয়েক হাজার ছেলেমেয়ের কর্মসংস্থান হবে বলেও আজ বার্তা দিলেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'বাংলায় ১৪০টি স্টোর খুলবে। এক-দেড় বছরের মধ্যে হয়ে যাবে। ওঁরা লক্ষ্যমাত্রা দিয়েছে ৩ বছরের। পুরুলিয়ায় ১০০ একর জমি কিনেছে। সোলার পাওয়ার প্ল্যান্ট লাগাচ্ছেন। আমি সেখানে ভূমি পুজোয় যাব। সবমিলিয়ে ১০০০ একর জমি কিনবেন ওঁরা। কর্মসংস্থান হবে। আগামী দিনে ৫ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে। আমি ওঁদের প্রতি কৃতজ্ঞ।'
এখানেই শেষ না। পূর্বতন সরকারের বিরুদ্ধেও এদিন কাটমানির অভিযোগ তুলেছেন তিনি। কীভাবে রাজ্যে বিনিয়োগকারী সংস্থাগুলিকে বাছাই করা হচ্ছে, তা-ও আজ জানান মুখ্যমন্ত্রী। বলেন, 'যে কোম্পানি বিনিয়োগ করতে আসছে তাদের বিশ্বাসযোগ্য কিনা খতিয়ে দেখা হচ্ছে। ওই সংস্থা দুর্নীতির টাকায় চলছে কিনা তা দেখা হচ্ছে। শুধু ছবি তোলার জন্য নয়। আমরা সবদিক খতিয়ে দেখে শিল্প আনার চেষ্টা করছি।' শেষে তিনি আরও বলেন, 'অনন্ত আম্বানি ফোন করেছিলেন। আমায় মুম্বাই আসতে বলেছেন। গণেশ পুজোর পর মুম্বই যাব। ওঁরাও বাংলায় ইনভেস্ট করতে চায়। আদানি আসছেন ২৪ তারিখ। সবাই মিলে একটা পজিটিভ পরিবেশ তৈরি করেছি'