সোমবার নবান্নে মন্ত্রীদের সঙ্গে নিয়ে দ্বিতীয় দফার বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মনে করা হচ্ছে, বকেয়া ডিএ, বেতন কাঠামো সংশোধন-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে আজকের এই বৈঠক ...
সোমবার নবান্নে মন্ত্রীদের সঙ্গে নিয়ে দ্বিতীয় দফার বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মনে করা হচ্ছে, বকেয়া ডিএ, বেতন কাঠামো সংশোধন-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে আজকের এই বৈঠক থেকে। এছাড়াও প্রশাসনিক সংস্কার ও দুর্নীতি ইস্যুতে কী কী পদক্ষেপ নেওয়া হবে তাও আজকের আলোচনার মাধ্যমে পর্যালোচনা করা হবে বলে মনে করা হচ্ছে।
এর আগে গত সোমবার প্রথম মন্ত্রিসভার বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেদিন গুরুত্বপূর্ণ ৬টি ঘোষণা করেছিলেন তিনি। পাশাপাশি পরবর্তী বৈঠকে আর জি কর, নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে পে কমিশন এবং বকেয়া ডিএ নিয়ে আলোচনা বলে আগাম জানিয়েছিলেন তিনি। ফলে স্বাভাবিকভাবেই আজকের এই বৈঠকটির দিকে তাকিয়ে রয়েছেন সরকারি কর্মী থেকে আমজনতাও।
প্রসঙ্গত, বকেয়া ডিএ সংক্রান্ত জটিলতা নিয়ে জর্জরিত রাজ্য সরকারের কর্মচারীরা। সুপ্রিম নির্দেশ পাওয়া সত্ত্বেও নির্ধারির সময়ের মধ্যে বকেয়া মেটাতে পারেনি পূর্বতন সরকার। ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত একাংশের বকেয়া মেটানো হলেও ২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত বকেয়া মহার্ঘভাতা মেলেনি। এমতাবস্থায়, নতুন সরকারের কাছে অগাধ প্রত্যাশা রেখে বৈঠকের দিকে নজর রাখছে সরকারি চাকুরীজীবি মহলের একাংশ।