এ বার কলকাতা পুরসভার স্ক্যানারে ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরসভার বিল্ডিং দফতর থেকে তাঁকে নোটিশ পাঠান হয়েছে বলে খবর। অভিষেকের সম্পত্তির বিল্...
এ বার কলকাতা পুরসভার স্ক্যানারে ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরসভার বিল্ডিং দফতর থেকে তাঁকে নোটিশ পাঠান হয়েছে বলে খবর। অভিষেকের সম্পত্তির বিল্ডিং প্ল্যান, অনুমোদিত নকশা ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র নিয়ে তাঁকে পুরসভায় হাজিরা দেওয়ার দেওয়ার কথা বলা হয়েছে দাবি সূত্রের।
পুরসভা সূত্রে খবর, বিল্ডিং বিভাগের আইনের ৪০১ ধারায় এই নোটিসটি দেওয়া হয়েছে সাংসদকে। তবে কেবল অভিষেক নয়, তাঁর পরিবারের একাধিক সদস্যকেও এই মর্মে নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। জানা যাচ্ছে, যে সম্পত্তিগুলিতে নোটিস পাঠানো হয়েছে তার মধ্যে রয়েছে হরিশ মুখার্জি রোডের একটি বাড়ি। এছাড়াও কালীঘাট মোড়ের একটি বহুতল ভবনকেও নোটিসের আওতায় আনা হয়েছে।
মূলত ওই আবাসন গুলো বিল্ডিং প্ল্যান মেনে তৈরি হয়েছে কিনা, কোথাও অনুমোদিত নকশার বাইরে গিয়ে অতিরিক্ত বা অবৈধ নির্মাণ হয়েছে কি না, তা পরীক্ষা করে দেখতেই এই নোটিশ জারি করা হয়েছে। ঘটনাচক্রে, কলকাতা পুরসভার পরিচালনার দায়িত্ব এখনও তৃণমূলের হাতেই রয়েছে। আর বিল্ডিং বিভাগের দায়িত্বে রয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। ফলে শেষপর্যন্ত এই জল কতদূর গড়াবে তার দিকেই থাকবে নজর।