ফলতার পুনর্নির্বাচনের দু'দিন আগে মাঠ ছাড়লেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। মঙ্গলবার তিনি জানান, 'আমি এই ভোটে লড়ছি না।' যদিও এই আচমকা সিদ্ধান্তের নেপথ্যে দলের শীর্ষ স্থানীয়দের পরামর্শ রয়েছে কিনা তা এখ...
ফলতার পুনর্নির্বাচনের দু'দিন আগে মাঠ ছাড়লেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। মঙ্গলবার তিনি জানান, 'আমি এই ভোটে লড়ছি না।' যদিও এই আচমকা সিদ্ধান্তের নেপথ্যে দলের শীর্ষ স্থানীয়দের পরামর্শ রয়েছে কিনা তা এখনও জানা যায়নি। অন্যদিকে তৃণমূলের তরফে সমাজমাধ্যমে একটি পোস্ট করে জানান হয়েছে, এটি জাহাঙ্গিরের ব্যক্তিগত সিদ্ধান্ত। দলের নয়।
ঘটনাচক্রে আজই ফলতায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে রোড শো করেছেন তিনি। তার কিছুক্ষনের মধ্যেই জাহাঙ্গিরের এই সিদ্ধান্ত কার্যত সাড়া ফেলে দিয়েছে রাজনীতির ময়দানে। নেপথ্যে হারের ভয় নাকি, উপর মহলের পরামর্শ তা নিয়ে ক্রমেই বাড়ছে কৌতূহল। তবে ভোটের ঠিক দু'দিন আগে 'পুষ্পা'র ঝুঁকে যাওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছাসিত পদ্মশিবির।
এদিন সাংবাদিক বৈঠক করে জাহাঙ্গির জানান, 'আমি ফলতার ভূমিপুত্র। আমি চাইব ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক এবং ভাল থাকুক। ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক।' তাঁর সংযোজন, 'আমার স্বপ্ন ছিল সোনার ফলতার। তাই আমাদের সম্মাননীয় মুখ্যমন্ত্রী ফলতার উন্নয়নের জন্য স্পেশ্যাল প্যাকেজ দিচ্ছেন। সেই জন্য আমি ২১ মে যে পুনর্নির্বাচন আছে, সেই লড়াই থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম।'