মুখ্যমন্ত্রী হওয়ার পর দ্বিতীয়বার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, মঙ্গলবার একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। যার মধ্যে রয়েছে রাজ্যের মন্ত্রীদের দ...
মুখ্যমন্ত্রী হওয়ার পর দ্বিতীয়বার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, মঙ্গলবার একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। যার মধ্যে রয়েছে রাজ্যের মন্ত্রীদের দফতর বন্টনের বিষয়টিও। জানা যাচ্ছে, আজকের এই বৈঠকে উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, অমিত শাহ-সহ একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব।
মঙ্গলবার একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এদিন সকালে প্রথমেই তিনি সল্টলেক বিজেপির দফতরে 'জনতার দরবারে' উপস্থিত হন। সেখানে প্রচুর সাধারণ মানুষের নিজেদের অভাব-অভিযোগ নিয়ে আসেন তাঁর কাছে। এরপর সেখানে থেকে বেরিয়ে তারকেশ্বরের দিকে রওনা হয়েছেন শুভেন্দু। সেখানে মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি প্রশাসনিক বৈঠক রয়েছে তাঁর। এরপর সেখান থেকেই সোজা দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন তিনি।
বলে রাখা ভালো, গতকাল অর্থাৎ সোমবার লোকভবনে পশ্চিমবঙ্গের ৩৫ জন নতুন মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। এই মুহূর্তে মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চল্লিশ। এর মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী। এছাড়া স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হতে চলেছেন ৩ জন। সবাইকেই শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল আর এন রবি। তবে মন্ত্রীদের দপ্তর বন্টন এখনও বাকি। ফলে এই অবস্থায় মুখ্যমন্ত্রীর দিল্লি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।