রাজ্যে দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন মিটতে না মিটতেই এবার রাজ্যসভার অন্তর্বর্তী নির্বাচন। তাও দুর্গাপুজোর মধ্যেই। তৃণমূলের প্রাক্তন সাংসদ কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া আসনে ভোটের দিনক্ষণ ঘোষণা করল ...
রাজ্যে দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন মিটতে না মিটতেই এবার রাজ্যসভার অন্তর্বর্তী নির্বাচন। তাও দুর্গাপুজোর মধ্যেই। তৃণমূলের প্রাক্তন সাংসদ কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া আসনে ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ১৬ অক্টোবর, দুর্গাষষ্ঠীর দিনে হবে ওই আসনের ভোট। অন্যদিকে বিভিন্ন সূত্রের খবর, আসন্ন নির্বাচনে বিজেপির টিকিটে ফের ভোটযুদ্ধে নামতে পারেন অভিনেত্রী। যদিও এই বিষয়ে রাজ্য বিজেপির তরফে কোনও তথ্য জানান হয়নি।
বিধানসভা ভোটে তৃণমূল ধরাশায়ী হওয়ার পর একে একে রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিতে শুরু করেন দলের সাংসদরা। গত ১৬ জুলাই রাজ্যসভা থেকে ইস্তফা দেন কোয়েলও। তাঁর আগে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইকও পদ ছাড়েন। পরে তাঁদের তিনজনকেই ফের রাজ্যসভায় পাঠায় বিজেপি। কোয়েলকেও বিজেপি রাজ্যসভায় ফেরাবে কিনা, তা নিয়ে গুঞ্জন শুরু হয় তাঁর ইস্তফার সময় থেকেই।
গত ফেব্রুয়ারিতে রাজ্য পুলিসের প্রাক্তন ডিজি রাজীব কুমার, প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয়, সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীর সঙ্গে রাজ্যসভার প্রার্থী হিসেবে অভিনেত্রী কোয়েল মল্লিকের নামও ঘোষণা করেছিল তৎকালীন শাসকদল তৃণমূল। মার্চে ভোটের পর থেকেই তিনি সাংসদ ছিলেন। কিন্তু একবারও সংসদের অধিবেশনে যোগ দেননি তিনি। চলতি বছরের বাদল অধিবেশন তাঁর প্রথম অধিবেশন হতে পারত, কিন্তু তার আগেই ইস্তফা দেন তিনি।
গত ১৬ জুলাই দিল্লিতে গিয়ে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করে ইস্তফাপত্র জমা দেন কোয়েল। তার পরপরই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরে জল্পনা আরও বাড়ে। কারণ লোকসভায় তৃণমূলত্যাগী সাংসদরা একাধিকবার ভূপেন্দ্রের বাড়িতে বৈঠক করেছেন এবং পরে তাঁরা ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া’ (এনসিপিআই)-তে যোগ দিয়ে এনডিএ শরিক হয়েছেন। এমতাবস্থায় কোয়েলের ভবিষৎ নিয়ে প্রকট হচ্ছে জল্পনা।
মঙ্গলবার কমিশন জানিয়েছে, কোয়েলের ছেড়ে যাওয়া আসনে মনোনয়ন জমার শেষ দিন ৬ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ অক্টোবর। ভোটগ্রহণ ১৬ অক্টোবর। ওই একই দিনে উত্তরপ্রদেশের ১০টি এবং উত্তরাখণ্ডের একটি রাজ্যসভা আসনেও নির্বাচন হবে।