বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে এগোচ্ছে স্থলভাগের দিকে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গত ৬ ঘণ্টায় ঘণ্টায় ১২ কিলোমিটার গতিতে পশ্চিম দিকে সরেছে নিম্নচাপটি। বুধবার ভোর সাড়ে ৫টায়...
বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে এগোচ্ছে স্থলভাগের দিকে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গত ৬ ঘণ্টায় ঘণ্টায় ১২ কিলোমিটার গতিতে পশ্চিম দিকে সরেছে নিম্নচাপটি। বুধবার ভোর সাড়ে ৫টায় সিস্টেমটির অবস্থান ছিল অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে প্রায় ৭০ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে, গোপালপুর থেকে ১৫০ কিলোমিটার এবং পুরী থেকে ২৩০ কিলোমিটার দূরে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার রাতের মধ্যেই বিশাখাপত্তনম ও গোপালপুরের মাঝামাঝি এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করবে এই নিম্নচাপ। এর প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির দাপট বাড়বে।
ইতিমধ্যেই বুধবার ভোর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। কোথাও ঝিরিঝিরি, কোথাও আবার মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে। এর সঙ্গে উত্তাল হয়েছে সমুদ্র। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ছয় জেলায় - দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া। এর মধ্যে তিন জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। বৃহস্পতিবার এই তালিকায় যুক্ত হবে হাওড়া জেলাও, যেখানে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, কোথাও কোথাও হাওয়ার গতিবেগ ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে।
দক্ষিণের পাশাপাশি ভিজবে উত্তরবঙ্গও। বুধবার ও বৃহস্পতিবার জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টি এবং দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।