SIR আবহে সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার স্বার্থে, শুক্রবার ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুর ২টো নাগাদ সেই ধরনা মঞ্চে উপস্থিত হবেন তিনি। সঙ্গে থাকবেন তৃণ...
SIR আবহে সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার স্বার্থে, শুক্রবার ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুর ২টো নাগাদ সেই ধরনা মঞ্চে উপস্থিত হবেন তিনি। সঙ্গে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলের অন্যান্য নেতৃত্বরা। SIR-এর নামে সাধারণ মানুষকে হয়রানি এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে বলে আগাগোড়াই কমিশনকে নিশানা করে আন্দোলন করেছে রাজ্যের শাসক দল। সেই সূত্র ধরেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফের কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে রাজপথ দখলে পথে নামতে চলেছে তৃণমূল।
জানা যাচ্ছে, ২০০ ফুট লম্বা একটি মঞ্চ তৈরি করা হয়েছে মেট্রো চ্যানেলে। মূল মঞ্চ তৈরি হয়েছে ৪০ফুট/ ২৪ফুট, যার উচ্চতা রাখা হয়েছে ৪ ফুট পর্যন্ত। এই মূল মঞ্চেই ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী সঙ্গে থাকবেন অভিষেকও। আজকের এই কর্মসূচিতে দলের কর্মী সমর্থকদের পাশাপাশি উপস্থিত থাকবেন SIR প্রক্রিয়ায় ভুক্তভোগী ভোটার এবং তাঁদের পরিবারের সদস্যরা। মূলত যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বা জীবিত থাকা সত্ত্বেও যাদের মৃত বলে দেখানো হয়েছে।
বস্তুত, নির্বাচনের মুখে শাসক দলের এই কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আজ থেকে প্রায় দু-দশক আগে ২০০৬ সালে সিঙ্গুরে কৃষিজমি অধিগ্রহণের প্রতিবাদেও এই মেট্রো চ্যানেলেই অনশন কর্মসূচি নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। টানা ২৬ দিন ধরে অনশন চালিয়ে গিয়েছিলেন তিনি। সেই সময়েও সাধারণ মানুষের ব্যাপক সাড়া পেয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা। এবার দীর্ঘ সময় পেরিয়ে সেই একই জায়গায় অধিকার রক্ষার দাবিতে পথে নামতে চলেছেন তিনি।