আজই রাজ্যসভার নির্বাচনের মনোনয়ন দেওয়ার শেষ দিন। বৃহস্পতিবার, রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন রাজীব কুমার, মেনকা গুরুস্বামী, কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়। প্রথমবার বিধানসভায় পা রাখলেন টলি অভি...
আজই রাজ্যসভার নির্বাচনের মনোনয়ন দেওয়ার শেষ দিন। বৃহস্পতিবার, রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন রাজীব কুমার, মেনকা গুরুস্বামী, কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়। প্রথমবার বিধানসভায় পা রাখলেন টলি অভিনেত্রী কোয়েল মল্লিক। বাংলা সিনেমার অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোয়েল বললেন, 'মানুষের যেন উপকার করতে পারি'
রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন পেশ করতে এদিন দুপুরে বিধানসভায় আসেন তৃণমূলের প্রার্থীরা। সকাল ১১ টায় আসার কথা থাকলেও বেশ কিছুক্ষণ আগেই বিধানসভায় পৌঁছে যান রাজীব কুমার। পরিষদীয় দপ্তরের সচিবালয়ে একাই বসেছিলেন রাজীব। তারপর একে একে প্রবেশ করলেন সবাই। সেখানে নতুন দায়িত্ব নিয়ে রাজ্য পুলিসের প্রাক্তন ডিজি রাজীব কুমার বলেন, 'আমি জানি ভগবান আমাকে এমন কোনও দায়িত্ব দেবে না যা আমি পালন করতে পারব না।' অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিচ্ছেন দলের প্রবীণ নেতা রাহুল সিনহা।
তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তালিকায় এবার চমক রয়েছে। রাজনীতিতে নতুন মুখ রাজীব কুমার, মেনকা গুরুস্বামী ও কোয়েল মল্লিক। যেহেতু অতিরিক্ত প্রার্থী নেই তাই প্রত্যেকের জয় কার্যত নিশ্চিত করেই মনে করা হচ্ছে। বিজেপি প্রার্থী করছে রাহুল সিনহাকে। তিনিও আজ মনোনয়ন জমা দেবেন। মনোনয়নপত্র যাচাই করা হবে ৬ মার্চ। ৯ মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।