আলিপুরে সরকারি দফতরের চার তলায় ভয়াবহ আগুন। বুধবার সকালে ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। রীতিমত কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। জানা যাচ্ছে, এদিন সকাল পৌনে ১০টা নাগাদ আলিপুরে দক্ষিণ ২৪ ...
আলিপুরে সরকারি দফতরের চার তলায় ভয়াবহ আগুন। বুধবার সকালে ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। রীতিমত কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। জানা যাচ্ছে, এদিন সকাল পৌনে ১০টা নাগাদ আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের দফতর থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়েরা। তারপরেই তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে সবথেকে চাঞ্চল্য়কর তথ্য় হল, সরকারি অফিসের এই চার তলায় ছিল ধৃত জাহাঙ্গির খানের অফিস। সূত্রের খবর, বেশ কয়েকবার তিনি এসেছিলেন এই অফিসে। এমনকি সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ছিল বলেও জানা যাচ্ছে। যেগুলো বর্তমানে পুড়ে ভস্মিভুত হয়ে গিয়েছে। এমতাবস্থায় আগুনের উৎস কী, তা নিয়ে উঠছে প্রশ্ন। নিছক দুর্ঘটনা না, নেপথ্যে কোনও ষড়যন্ত্র রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিস।
জেলা পরিষদের দফতরের পাশাপাশি আলিপুরের ওই এলাকায় আরও বেশ কয়েকটি সরকারি ভবন রয়েছে। ফলে আগুন দ্রুত নিয়ন্ত্রণে না আনতে পারলে, তা ছড়িয়ে পড়ার সম্ভবনা থাকছে। ফলে সেই দিক খেয়াল রেখে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে চাইছে দমকল কর্মীরা। জানা যায়, ভবনের উপরের তলাগুলিতে কয়েক জন আটকে পড়েছিলেন। তাঁদের সেখানে থেকে সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে।