শালবনির জমি দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে গ্রেফতার করেছে সিআইডি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তরফে রক্ষাকবচ প্রত্যাহার করতেই তাঁকে কালীঘাটে অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার ক...
শালবনির জমি দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে গ্রেফতার করেছে সিআইডি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তরফে রক্ষাকবচ প্রত্যাহার করতেই তাঁকে কালীঘাটে অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সুমিতের গ্রেফতারি প্রসঙ্গে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'প্রসিদ্ধ তোলাবাজ সুমিত রায় গ্রেফতার হয়েছেন'। মুখ্যমন্ত্রীর সুরে সুর মিলিয়ে বিজেপি বিধায়ক সজল ঘোষও বলেন, 'এটার অপেক্ষাতেই ছিলাম।'
শালবনিতে জমি দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে নাম জড়ায় সুমিতের। ওই মামলায় আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল আদালত। পরে সুপ্রিম কোর্টেও যান তিনি। বৃহস্পতিবার মামলাটির শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে। শীর্ষ আদালত বৃহস্পতিবার সুমিতের রক্ষাকবচ বাতিল করে দেয়। ফলে সুমিতকে গ্রেফতার করার ক্ষেত্রে আইনি বাধা কাটে। আদালতের তরফে জানান হয়, সুমিতকে সুযোগ দেওয়া হলেও তিনি তদন্তে সহযোগিতা করেননি।
এমতাবস্থায় সুমিত গ্রেফতার হতেই সিআইডির এই সাফল্যে মন্তব্য করেছেন শাসক দলের একাধিক নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর মন্তব্য, 'প্রসিদ্ধ তোলাবাজ সুমিত রায় গ্রেফতার হয়েছেন। তোলাবাজ ভাইপোর একনম্বর কালেক্টর হল এই সুমিত রায়, তাকে আজ সিআইডি গ্রেফতার করেছে।' একইভাবে এই প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বালুরঘাটের স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদার। তাঁর কথায়, 'সুপ্রিম কোর্টে আগাম জামিন নাকচ হওয়ার পর সুমিত রায় গ্রেফতার হবে, এটাই স্বাভাবিক ছিল। কারণ অভিষেকের হয়ে সমস্ত কাজ সে-ই করত। পুরোও সরকারটাই তো সে চালাত। নানা দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গ্রেফতারি হয়েছে ঠিকই, তবে সবে তো কান এসেছে। এবার মাথাও আসবে। মাথা তো ক্যামাক স্ট্রিটে বসে আছে।
অন্যদিকে বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেছেন, 'এটার অপেক্ষাতেই ছিলাম। সুপ্রিম কোর্ট রক্ষাকবচ তুলতেই সিআইডি সুমিত রায়কে তুলেছে। পোষ্য গ্রেফতার হয়েছে, প্রভু কবে গ্রেফতার হবে সেই অপেক্ষায় আছে বাংলা। মানুষ তাঁকে দেখতে চায় জেলের মধ্যে। সেদিন আসল উৎসব হবে।'
বলে রাখা ভালো, এদিন কালীঘাটে সিআইডির দল পোঁছোতেই পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। অভিষেকের বাড়িতে উপস্থিত নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিসের। পরে মূল গেট খুলতেই সুমিতকে ধরে ফেলেন তদন্তকারীরা। সূত্রের খবর, আগামীকাল, শুক্রবার মেদিনীপুর আদালতে হাজির করানো হবে সুমিতকে। তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানাবে সিআইডি।