রাজ্যে শিল্প-বাণিজ্য সবই হবে, তবে পরিবেশের ভারসাম্য নষ্ট করে না। উল্টে বছরভর বেশি বেশি চারা গাছ রোপন করতে হবে বলে আগেই নির্দেশ দিয়েছে সরকার। আজ, মঙ্গলবার সল্টলেকের বনবিতান থেকে 'অরণ্য সপ্তাহ'র স...
রাজ্যে শিল্প-বাণিজ্য সবই হবে, তবে পরিবেশের ভারসাম্য নষ্ট করে না। উল্টে বছরভর বেশি বেশি চারা গাছ রোপন করতে হবে বলে আগেই নির্দেশ দিয়েছে সরকার। আজ, মঙ্গলবার সল্টলেকের বনবিতান থেকে 'অরণ্য সপ্তাহ'র সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে নিজের হাতে চারা গাছও রোপন করেছেন তিনি।
এদিন মন্ত্রী মনোজ ওঁরাওয়ের উদ্যোগে স্কুলপড়ুয়াদের ১ কোটি ১০ লক্ষ চারাগাছ বিতরণ করা হয়েছে। দেশ জুড়ে বন বাঁচাতে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচির ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তা, বাংলাও হয়ে উঠুক অরণ্যময়। আর সেই লক্ষ্যমাত্রা স্থির করতে রাজ্যে বছরভর মোট ৭ লক্ষ ২০ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী পরিবেশ বাঁচাতে ও বজ্রপাত থেকে বেশি বেশি নারকেল গাছ বসানোর কথা বলেছেন। তাঁর কথায়, 'বজ্রপাত থেকে বাঁচতে সবাইকে বলব, নারকেল গাছ লাগান বেশি করে।'
এদিন সল্টলেকের বনবিতানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন পরিবেশ ও বনদফতর মন্ত্রী মনোজ ওঁরাও, রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়-সহ অনেকেই। আজ থেকে শুরু হওয়া এই 'অরণ্য সপ্তাহ' আগামী ২০ জুলাই পর্যন্ত চলবে রাজ্য জুড়ে। এদিন তারই সূচনা করে দিলেন মুখ্যমন্ত্রী। নিজের হাতে মাটি খুঁড়ে গাছ পুঁতে দিলেন। পরিবেশ বাঁচাতে অরণ্যের অবদান কতখানি, তা বোঝালেন। তবে শুধু গাছ বসালেই হইবে না। তার দেখভাল করাও জরুরি ,সেই প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, 'আমি হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলাম। আমি পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, আমরা গাছ লাগিয়ে তিন বছর মনিটরিং করতাম। তাতে ৫০ শতাংশ অ্যাচিভমেন্ট আসত। এক হাজার গাছ লাগালে তিন বছরে আমরা ৫০০-৫৫০ গাছ রক্ষা করতে পারতাম। তাই শুধু গাছ লাগালেই হবে না, অন্তত ২-৩ বছরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সকলকে নিতে হবে।'