দলের ভরাডুবির পর থেকেই ঘরে বাইরে চাপ বেড়েছে তৃণমূল কংগ্রেসের। দলের একাধিক নেতৃত্ব 'বেসুরো' হয়েছে। এমনকি ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও। এমতাবস্...
দলের ভরাডুবির পর থেকেই ঘরে বাইরে চাপ বেড়েছে তৃণমূল কংগ্রেসের। দলের একাধিক নেতৃত্ব 'বেসুরো' হয়েছে। এমনকি ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও। এমতাবস্থায়, কলকাতা পুরসভাও তৃণমূলের হাতের বাইরে যেতে বসেছে! সূত্রের খবর, কলকাতা পুরসভার মেয়র পরিষদ পদ থেকে পদত্যাগ করতে চলেছেন তারক সিংহ। আজ, মঙ্গলবারই তিনি নিজের পদ থেকে পদত্যাগ করতে পারেন বলে খবর।
আগে থেকেই দলের একাধিক কাজের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছিলেন তারক সিংহ। নিজের ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন তিনি আর মেয়র পরিষদ পদে থাকতে চান না। তবে তিনি কাউন্সিলর পদ ছাড়বেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, আজই চেয়ারম্যান মালা রায়ের দফতরে গিয়ে পদত্যাগ দিতে পারেন তিনি।
তৃণমূলের অন্দরে দীর্ঘদিন ধরেই মান-অভিমান চলছিল তারকের। পুরসভার জল জমা সমস্যা এবং মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে তাঁর মতবিরোধের কারণে এর আগেও তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। বর্তমানে দলের নীতি ও নেতৃত্বের প্রতি ক্ষুব্ধ হয়ে তিনি পদ ছাড়তে চলেছেন বলে সূত্রের খবর ।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরেও মেয়র পারিষদ পদ থেকে তাঁর ইস্তফা দেওয়ার জল্পনা তৈরি হয়েছিল। সেসময় মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলে সেই ভুল বোঝাবুঝি মিটে গিয়েছিল। তবে সাম্প্রতিক বিতর্কের পর তাঁর রাজনৈতিক অবস্থান কোন দিকে যায়, সেটাই এখন দেখার বিষয়।
পুরসভার নিকাশি বিভাগের মেয়র পারিষদের পদে ছিলেন তারক সিং। আজ বিকেল ৪ টে নাগাদ নিজের দফতর থেকে পদত্যাগ করতে পারেন তিনি। চেয়ারপারসন মালা রায়ের দফতরে বা পুরসভার কমিশনারের হাতে তিনি পদত্যাগ পত্র তুলে দেবেন বলে জানা গিয়েছে। বেশ কয়েকদিন ধরেই বেসুরো ছিলেন তারক সিং। দলের ডাকা বৈঠকে উপস্থিত থাকছিলেন না। এক সপ্তাহে দু'বার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কলকাতা পুরসভার কাউন্সিলর ও মেয়র পারিষদ সদস্যদের নিয়ে বৈঠক হয়। একটা বৈঠকেও তিনি উপস্থিত ছিলেন না।