ভোট আবহে ফের তৃণমূলের দুই 'হেভিওয়েট' নেতাকে ইডির তলব। পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসু ও রথীন ঘোষকে ডেকে পাঠান হয়েছে বলে খবর সূত্রের। আগামী ২৪ এপ্রিল তাঁদের সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে হা...
ভোট আবহে ফের তৃণমূলের দুই 'হেভিওয়েট' নেতাকে ইডির তলব। পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসু ও রথীন ঘোষকে ডেকে পাঠান হয়েছে বলে খবর সূত্রের। আগামী ২৪ এপ্রিল তাঁদের সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে হাজিরার নির্দেশ। এর আগেও একাধিকবার এই দুই নেতাকে তলব করা হয়েছিল। কিন্তু নির্বাচনী প্রচারের ব্যস্ততা ও শারীরিক অসুস্থতার কারণে যেতে পারেননি তাঁরা।
এর আগে গত ১০ এপ্রিল সুজিত বসুকে নোটিস পাঠানো হয়েছিল ইডির তরফে। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ জানিয়ে সেবারের হাজিরা এড়িয়ে গিয়েছিলেন মন্ত্রী। বদলে তাঁর ছেলে সমুদ্র বসুর হাত দিয়ে নথিপত্র পাঠিয়েছিলেন তিনি। সেই ঘটনার দিন কয়েকের মধ্যেই ফের একবার ইডি দফতরে ডাক পড়ল সুজিতের। ছাড় পাননি রথীন ঘোষও।
সূত্রের খবর, রথীনকেও পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৪ এপ্রিল তলব করা হয়েছে। এবারে মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী হয়েছেন তিনি। ফলে শেষ মুহূর্তের প্রচারে তিনিও ব্যস্ত পুরোদমে। তাই ভোট মিটলে তিনি সিজিও কমপ্লেক্সে গিয়ে হাজিরা দেবেন বলে জানিয়েছেন। অন্যদিকে ভোট মুখে শাসক শিবিরের দুই প্রার্থীকে ঘন ঘন তলব, ইচ্ছাকৃত বলেই মনে করছে তৃণমূল।