পার্থ ভৌমিক (সাংসদ): অনেকগুলো ঘন্টা কেটে গেছে তারপর লিখতে বসলাম। এখনও কেমন ঘোরের মধ্যে আছি। বিশ্বাস করতে পারছি না যে আমরা আবার বিশ্বসেরা। এমনিতে আমার হার্ট খুব শক্তপোক্ত, ডাক্তারবাবুরা তাই বলেন কিন্তু...
পার্থ ভৌমিক (সাংসদ): অনেকগুলো ঘন্টা কেটে গেছে তারপর লিখতে বসলাম। এখনও কেমন ঘোরের মধ্যে আছি। বিশ্বাস করতে পারছি না যে আমরা আবার বিশ্বসেরা। এমনিতে আমার হার্ট খুব শক্তপোক্ত, ডাক্তারবাবুরা তাই বলেন কিন্তু শনিবারের রাতে অন্তত শেষ ওভারে আমার সেই কনফিডেন্স হারিয়ে ফেলেছিলাম। যে যেখানে বসে খেলা দেখছিলাম এক ফোঁটা নড়াচড়া করি নি। রূদ্ধশ্বাস ঐ বিখ্যাত সূর্যকুমারের ক্যাচ ধরার পরে যেন প্রাণ ফিরে এলো।
ভোট গননার সময়েও এত টেনশন হয় নি কখনও। ওখানে তো অধিনায়ক স্বয়ং দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রোহিত শর্মার পাল্টা বারবার বির্টে করেছে। এত ভাল অধিনায়ক, মুম্বাই ইন্ডিয়ানের হয়ে এবার আইপিএল জিতেছে কিন্তু আইসিসি ট্রফিটা আসে নি।
আমি সিএন পোর্টালে আগের পর্বে লিখেছিলাম যে দক্ষিণ আফ্রিকা চোকার্স। শেষ পর্যন্ত ঐ চোকার্সই রয়ে গেল। এবারে প্রশ্ন কে শনিবারের সেরা? আমি বলবো টিম ইন্ডিয়া। দেখুন সারা বিশ্বকাপ জুড়ে কোহলি বিরাট হতে পারলেন না কিন্তু ঠিক ফাইনালে সেরা ম্যাচটি খেলে প্রমাণ করলেন আজও তিনি বিশ্বসেরা। এছাড়া বুমরার বোলিং তো নিয়মিত ভয়ঙ্কর।
এভাবে আর লিখব না। সবাই চেষ্টা করেছেন। যদিও একজনের কথা না লিখলে অপরাধ হবে তিনি রাহুল দ্রাবিড়। ট্র্যাজিক কিং। সচিন সৌরভের আলোতে তিনি প্রচার পেলেন না দলের সবথেকে নির্ভরশীল ব্যাটার হওয়া সত্ত্বেও। দারুণ কোচিং করিয়েও আসল ট্রফি আসছিল না। শনিবার ছিল ভারতীয় ক্রিকেটের সাথে শেষ রাত। কামাল করে দিয়ে বিদায় নিলেন গ্রেট রাহুল। যাও বন্ধু, এবার পরিবারকে সময় দাও।