বিধানসভা নির্বাচনের আগে মালদহে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র। দুটি পৃথক ঘটনায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং জালনোট উদ্ধারে সাফল্য পেল মালদা জেলা পুলিস। জানা যায়, গতকাল অর্থাৎ মঙ্গলবা...
বিধানসভা নির্বাচনের আগে মালদহে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র। দুটি পৃথক ঘটনায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং জালনোট উদ্ধারে সাফল্য পেল মালদা জেলা পুলিস।
জানা যায়, গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে মালদহের চাঁচোল থানার পুলিস গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। প্রথম অভিযানে আব্দুল বারেক নামে এক যুবককে গ্রেফতার করা হয়। যার বাড়ি চাঁচোল থানার খানপাড়া এলাকায়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় ৫ লক্ষ টাকার জালনোট। অভিযোগ, শিলিগুড়ি থেকে এই জালনোট গুলি পাচারের উদ্দেশ্যে মালদহ নিয়ে এসেছিল আব্দুল বারেক।
অন্যদিকে দ্বিতীয় অভিযানে চাঁচোল থানার পুলিস গোলাম রাব্বানী এবং মিজানুর রহমান নামে দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার করে। তাদের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। তাদের হেফাজত থেকে উদ্ধার হয় চারটি আগ্নেয়াস্ত্র এবং পাঁচ রাউন্ড কার্তুজ। বিহার থেকে নিয়ে আসা হয়েছিল আগ্নেয়াস্ত্র গুলি। এই অস্ত্র কারবারির সঙ্গে আরও কেউ জড়িতে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।