বড় উদ্দেশ্য নিয়ে ভারতে ঘাঁটি গেড়েছিল ধৃত পাক চর রানা রউফ। পরিকল্পনা ছিল শিলিগুড়িকে কেন্দ্র করে উত্তরবঙ্গ ও কলকাতায় আইএসআইয়ের 'ঘাঁটি' তৈরি করা। সেই উদ্দেশ্য সফল করতে বিভিন্ন সমাজমাধ্যম ব্যবহার করে সরা...
বড় উদ্দেশ্য নিয়ে ভারতে ঘাঁটি গেড়েছিল ধৃত পাক চর রানা রউফ। পরিকল্পনা ছিল শিলিগুড়িকে কেন্দ্র করে উত্তরবঙ্গ ও কলকাতায় আইএসআইয়ের 'ঘাঁটি' তৈরি করা। সেই উদ্দেশ্য সফল করতে বিভিন্ন সমাজমাধ্যম ব্যবহার করে সরাসরি আইএসআই এজেন্ট নিয়োগ শুরু করেছিল রানা। এখানেই শেষ না। নিজের পরিচয় গোপন করে এক নেপালি তরুণীকে বিয়েও করেছিল ধৃত পাক চর।
এসটিএফ সূত্রে খবর, আইএসআইয়ের সদর দফতরে ভারতের তথ্য পাচার করতে শনিবার বাংলাদেশের ঢাকা থেকে সরাসরি বিমানে করাচি যাওয়ার ছক কষেছিল রানা। তার জন্য আগে থেকেই বাংলাদশে সবরকম ব্যবস্থা করা ছিল। করাচি থেকে ইসলামাবাদের সেক্টর সেভেনে আইএসআইয়ের সদর যাওয়ার কথা ছিল ধৃতের। কিন্তু পরিকল্পনা পূরণের আগেই উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে রানাকে গ্রেফতার করে এসটিএফ। বাজেয়াপ্ত করা হয় তার ফোন, ডায়েরি-সহ অন্যান্য সামগ্রী। যা খতিয়ে দেখে একাধিক তথ্য ইতিমধ্যেই সংগ্রহ করেছে গোয়েন্দারা।
জানা গিয়েছে, এর আগে নেপালে বসে সেখানকার পাঁচজন আইএসআই এজেন্টের সঙ্গে যোগাযোগ রেখেছিল রানা। বিয়ে করেছিল কাঠমান্ডুর এক নেপালি তরুণীকে। বাকি পাঁচজন আইএসআই এজেন্টদের কাছে নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান ও অন্য দেশের সিমকার্ড রয়েছে বলেও জানা গিয়েছে। এমতাবস্থায় রানাকে জেরা করে বাকি তথ্যও জানার চেষ্টা করছে তদন্তকারীরা।