তৃণমূল জমানায় নীল-সাদা রঙে ঢেকেছিল রাজ্য। রাস্তা থেকে শুরু করে সরকারি ভবন-সবেতেই ছিল তৃণমূল নেত্রীর পছন্দের রঙ। সেই তালিকা থেকে ছাড় পায়নি স্কুল পড়ুয়াদের পোশাকও। স্কুল গুলোর পুরনো পোশাক মুছে পড়ুয়াদের উ...
তৃণমূল জমানায় নীল-সাদা রঙে ঢেকেছিল রাজ্য। রাস্তা থেকে শুরু করে সরকারি ভবন-সবেতেই ছিল তৃণমূল নেত্রীর পছন্দের রঙ। সেই তালিকা থেকে ছাড় পায়নি স্কুল পড়ুয়াদের পোশাকও। স্কুল গুলোর পুরনো পোশাক মুছে পড়ুয়াদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল নীল-সাদা রঙের পোশাক এবং 'বিশ্ববাংলা' লোগো দেওয়া ব্যাচ। এমতাবস্থায় সেই প্রথা ভাঙতে চলেছে নতুন সরকার। খুব তাড়াতাড়িই স্কুল গুলো ফিরতে চলেছে তাদের পুরনো ঐতিহ্য, পুরনো পোশাকে। রাজ্য শিক্ষাদফতরের তরফে একটি নির্দেশিকা প্রকাশ করে তেমনটাই জানানো হয়েছে।
ওই নির্দেশিকায় বলা হয়েছে, ২০২২ শিক্ষাবর্ষের আগে স্কুলগুলিতে যে রঙের পোশাক ব্যবহার করা হত, তার উপর ভিত্তি করেই ২০২৭ শিক্ষাবর্ষের জন্য জেলাভিত্তিক সমীক্ষা চালানো হবে। জানা যাচ্ছে, নীল-সাদা পোশাকের একরঙা নীতি বাতিল করে স্কুলগুলির আগের নিজস্ব ইউনিফর্ম ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। পাশাপাশি জরুরি ভিত্তিতে সমীক্ষা শেষ করতে হবে বলেও জানানো হয়েছে নির্দেশিকায়। পাশাপাশি সমীক্ষা শেষে যে নতুন পোশাক দেওয়া হবে তার খরচ বহন করবে রাজ্য সরকারই।
সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন পুর ও নগরোন্নয়ন উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর কথায়, 'প্রতিটি স্কুলের নিজস্ব পোশাক শুধু তাদের ঐতিহ্য নয়, বরং ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। নির্দিষ্ট পোশাক দেখে জানা যেত কে কোন স্কুলের পড়ুয়া।' তাঁর আরও অভিযোগ, 'বিগত দিনে নীল-সাদা পোশাক তৈরি নিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি করা হয়েছে। নিম্নমানের কাপড় সরবরাহ করা হয়েছিল।'