পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কলকাতায় ম্যারাথন বৈঠকে বসার আগে সোমবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এবং সেখানে বিক্ষোভে সামিল হলেন কয়েকশো মহিলা-পুর...
পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কলকাতায় ম্যারাথন বৈঠকে বসার আগে সোমবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এবং সেখানে বিক্ষোভে সামিল হলেন কয়েকশো মহিলা-পুরুষ। 'এসআইআর আতঙ্কে' কেউ তাঁর স্বামীকে হারিয়ে কাঁদছেন। কেউ-বা তাঁর একমাত্র সন্তানকে হারিয়ে হাহাকার করছেন। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের কাছে এ যেন সেই ছিন্নমূল মানুষের আর্তনাদ: 'দোহাই আলি'।
গো-ব্যাক স্লোগান লেখা প্ল্যাকার্ড। সামনে পুলিসের গার্ডরেল। আর তারই মাঝে সংবামাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিতে গিয়ে কেঁদে ফেললেন এক মহিলা, "নাম বাদ, যেটুকু-যা সরকারি সুযোগ সুবিধা পেতাম, এবার তা-ও পাবো না। কোথায় যাবো। কী খাবো"।
সকালের আলো ফুটতে-না-ফুটতেই হাসনাবাদ থেকে ট্রেন ধরে এই বিক্ষোভে সামিল হয়েছেন এক বৃদ্ধ। তাঁর মুখেও সেই হাহাকার, "একমাত্র ছেলে, বেসরকারি জায়গায় কাজ করত, সামান্য মাইনে পেতো, চলে গেল! কোথায় যাবো, কোথায় গেলে বিচার পাবো"? বৃদ্ধের দাবি, এসআইআর 'আতঙ্কে'ই মারা গিয়েছেন তাঁর ছেলে।
ছেলেকে কোলে নিয়ে বসিরহাট থেকে হাজির হয়েছেন এক মহিলা। তাঁরও দাবি, এসআইআর আতঙ্কে তাঁর স্বামী মারা গিয়েছেন। কোলের শিশুকে নিয়ে এখন পথে বসা ছাড়া আর কোনও উপায় নেই।
গত ফেব্রুয়ারির শেষ দিনে চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর বিবেচনাধীন (UNDER ADJUDICATION) ৬০ লক্ষের ভোটভাগ্য অনিশ্চিত হয়ে যায়। রবিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে প্রশ্ন করা হয়, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে কি? তাঁর উত্তর, "নিশ্চয় হবে, সুপ্রিম কোর্টের নির্দেশ আছে। মনোনয়নের শেষ দিন অবধি তালিকায় নাম উঠবে"। কতদিন অন্তর সাপ্পিমেন্টারি তালিকা বেরোবে? উত্তর, "কমিটি ঠিক করবে (কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে কমিটি তৈরি করে দিয়েছিলেন) "।
প্রসঙ্গত, ৭ মে-র মধ্যে নতুন সরকার গঠন করতে হবে রাজ্যে। নইলে রাষ্ট্রপতি শাসন। ওই সময়সীমার মধ্যে কি ভোট হবে? রাষ্ট্রপতি শাসন প্রসঙ্গে কিছু না-বলে তাঁর অতি সংক্ষিপ্ত ও অতি ইঙ্গিতপূর্ণ উত্তর, "ভোট কেন হবে না"?
পর্যবেক্ষক মহল মনে করছে, দুদিনের কলকাতা সফর সেরে দিল্লি ফিরে গিয়ে অচিরেই বাংলায় বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার আগে জল মাপতেই দুদিনের এই ম্যারাথন বৈঠক।