হাওড়ায় পিলখানায় প্রোমোটার খুনে গ্রেফতার মূল দুই অভিযুক্ত। দিল্লি জামা মসজিদ এলাকা থেকে গ্রেফতার পিলখানা প্রোমোটার খুনের দুই মূল অভিযুক্ত হারুন খান এবং রোহিত হোসেন। আজ, বৃহস্পতিবার সকালে হাওড়া সিটি প...
হাওড়ায় পিলখানায় প্রোমোটার খুনে গ্রেফতার মূল দুই অভিযুক্ত। দিল্লি জামা মসজিদ এলাকা থেকে গ্রেফতার পিলখানা প্রোমোটার খুনের দুই মূল অভিযুক্ত হারুন খান এবং রোহিত হোসেন। আজ, বৃহস্পতিবার সকালে হাওড়া সিটি পুলিসের গোয়েন্দাদের হাতে তারা গ্রেফতার হন। ধৃতদের সিআইডির হাতে তুলে দেওয়া হবে।
জানা গিয়েছে, খুনের পর ওই দুই দুষ্কৃতী কলকাতা থেকে বিহার এবং পরে দিল্লি পালিয়ে যায়। হাওড়া সিটি পুলিসের কয়েকটি তদন্তকারী দল তাদের পিছনে ধাওয়া করতে থাকে। রেল স্টেশনের সিসিটিভি ফুটেজ এবং সূত্র মারফত খবর পেয়ে দিল্লি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গত ২৫ ফেব্রুয়ারি বুধবার ভোরে হাওড়ায় গোলবাড়ির পিলখানা এলাকায় প্রোমোটার শফিক খানকে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুনের অভিযোগ ওঠে হারুন ও রোহিত নামে দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শফিকের মাথা ও বুকে পর পর গুলি চালান হয়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন যুবক। মৃত্যু হয় শফিকের। এলাকার একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই হাড়হিম মুহূর্তের দৃশ্য।
যদিও ঘটনার পরেই খুনের ঘটনায় যুক্ত হারুন এবং রোহিতের বেশ কয়েকজন ঘনিষ্ঠকে গ্রেফতার করে পুলিস। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্রও। পরে তদন্তভার যায় সিআইডির হাতে। কিন্তু প্রোমোটার খুনে দুই অভিযুক্ত হারুন শেখ এবং রোহিত হোসেনের খোঁজ পেতে কিছুটা বেগ পেতে হয় তদন্তকারী আধিকারিকদের। অবশেষে সাতদিন পর মূল অভিযুক্ত রোহিত এবং হারুনকে গ্রেফতার করা হল।