মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর বুধবার প্রথম উত্তরবঙ্গ সফরে গেলেন শুভেন্দু অধিকারী। শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করেন তিনি। তার আগে বাগডোগরা বিমানবন্দর থেকে বিজেপির দেওয়া সব নির্বাচনী প...
মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর বুধবার প্রথম উত্তরবঙ্গ সফরে গেলেন শুভেন্দু অধিকারী। শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করেন তিনি। তার আগে বাগডোগরা বিমানবন্দর থেকে বিজেপির দেওয়া সব নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করার আশ্বাস দেন শুভেন্দু। জানান, উত্তরবঙ্গের অভিমান শুনবে এই সরকার। ফিরিয়ে দেবে ন্যায্য অধিকার।
উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর এক বেলার ঝটিকা সফর জুড়ে রয়েছে একগুচ্ছ কর্মসূচি। একাধিক প্রসাশনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এরপর সব কাজ সেরে বিকেলেই কলকাতায় ফিরে আসবেন তিনি। শুধু ছাব্বিশের বিধানসভা ভোট না, এর আগেও লোকসভা বা বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপির ফলাফল ছিল চোখে পড়ার মত। এক কথায়, অন্যান্য দলের চেয়ে গেরুয়া শিবিরকেই বেশি প্রাধান্য দিয়েছে উত্তরবঙ্গবাসী। সেই কথা স্মরণে রেখেই আজ মুখ্যমন্ত্রী বলেন, '২০০৯ সাল থেকে বিজেপি-কে পাহাড়-সহ উত্তরবঙ্গ জায়গা দিয়েছে। এ বার উন্নয়নের মাধ্যমে সেই ঋণ শোধ করব।'
এদিন বাগডোগরা বিমানবন্দরে শুভেন্দুকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ রাজু বিস্তা-সহ উত্তরবঙ্গের বিজেপি নেতৃত্ব। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে উলু দিয়ে ঢাক বাজিয়ে বোরন করে নেয় সেখানকার মানুষ। সেখান থেকেই সাংবাদিকের মুখ্যমন্ত্রী জানান, প্রতি মাসে উত্তরবঙ্গে যাবেন তিনি। ঘুরতে না, বরং কাজ করাই লক্ষ্য হবে তাঁর। পাশাপাশি আরও বলেন, প্রতি মাসে এক বার করে তিনি এবং তাঁর মন্ত্রিসভার সদস্যেরা উত্তরবঙ্গে আসবেন। সপ্তাহে একবার উত্তরকন্যায় বসবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। যিনি সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনবেন।
এছাড়া আইন-শৃঙ্খলা নিয়েও বার্তা দিয়েছেন শুভেন্দু। তাঁর কথায়, 'রাজ্যে কোনও ভাবেই তোলাবাজি, গুন্ডাগিরি বা আইনশৃঙ্খলার অবনতি সহ্য করা হবে না। যাঁরা ভাবছেন পুরনো কায়দায় পার পেয়ে যাবেন, তাঁরা ভুল ভাবছেন। আইন আইনের পথেই চলবে।' পাশাপাশি, উত্তরবঙ্গের চা বলয়, পর্যটন এবং বন্ধ বা থমকে যাওয়া কেন্দ্রীয় ও রাজ্য প্রকল্পগুলিকে দ্রুত গতিতে বাস্তবায়িত করাই বুধবারের প্রশাসনিক বৈঠকের মূল লক্ষ্য, তা-ও তিনি আকারে-ইঙ্গিতে স্পষ্ট করে দেন।