রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে কর্মী বদলির ক্ষেত্রে এবার তৈরি হতে চলেছে নির্দিষ্ট আইনি কাঠামো। বিশ্ববিদ্যালয়ের কর্মীদের এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে বদলির সুযোগ তৈরি করে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ই...
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে কর্মী বদলির ক্ষেত্রে এবার তৈরি হতে চলেছে নির্দিষ্ট আইনি কাঠামো। বিশ্ববিদ্যালয়ের কর্মীদের এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে বদলির সুযোগ তৈরি করে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ প্রকাশ করা হয়েছে কলকাতা গেজেটে।
৯ সেপ্টেম্বর প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৭ সালের সংশ্লিষ্ট আইনে নতুন ১৪এ ধারা যুক্ত করা হচ্ছে। নতুন বিধান অনুযায়ী, প্রশাসনিক প্রয়োজনের কারণে চ্যান্সেলর রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করে কোনও বিশ্ববিদ্যালয়ের কর্মীকে অন্য বিশ্ববিদ্যালয়ে বদলি করতে পারবেন। বদলি হওয়া কর্মীকে নির্ধারিত শর্ত অনুযায়ী চাকরির সুযোগ-সুবিধা বজায় রাখার কথা বলা হয়েছে। এছাড়াও বদলির ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মী ট্রান্সফার গ্র্যান্ট ও ব্যক্তিগত সামগ্রী পরিবহণের খরচ পাওয়ার যোগ্য হবেন। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, বর্তমানে একটি রাজ্য বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এক কলেজ থেকে অন্য কলেজে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বদলির ব্যবস্থা রয়েছে। নতুন সংশোধনী পাশ হলে একই ধরনের ব্যবস্থা এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও কার্যকর হবে।
নতুন আইনে বদলির নির্দেশ দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট পদগুলির জন্য চ্যান্সেলরকে নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবেও গণ্য করা হবে।
কেন এই সংশোধনী?
২০১৭ সালের আইনে কলেজের শিক্ষক, গ্রন্থাগারিক, আধিকারিক এবং অশিক্ষক কর্মীদের এক কলেজ থেকে অন্য কলেজে বদলির বিধান থাকলেও এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে কর্মী বদলির কোনও নির্দিষ্ট আইনি ব্যবস্থা ছিল না। সেই ঘাটতি পূরণ করতেই এই সংশোধনী আনা হচ্ছে। সরকারের বক্তব্য, এর ফলে উচ্চশিক্ষা ক্ষেত্রে মানবসম্পদের আরও কার্যকর ব্যবহার সম্ভব হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কর্মীদের চাকরির শর্ত, সিনিয়রিটি ও অন্যান্য অধিকার সুরক্ষিত রাখার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।