দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূল নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। ভাঙল বাড়ির একাংশ, ভেঙে টুকরো টুকরো হল পিলার। এমনকি বিস্ফোরণের তীব্রতা এতটাই জোড়ালো ছিল যে, বিস্ফোরণস্থল থেকে প্রায় ১০০ মিটার দূরে ছিটকে পড়ল ভাঙা জা...
দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূল নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। ভাঙল বাড়ির একাংশ, ভেঙে টুকরো টুকরো হল পিলার। এমনকি বিস্ফোরণের তীব্রতা এতটাই জোড়ালো ছিল যে, বিস্ফোরণস্থল থেকে প্রায় ১০০ মিটার দূরে ছিটকে পড়ল ভাঙা জানলা, দরজার অংশ। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে কীভাবে ওই বিস্ফোরণ ঘটল তা জানতে শুরু হয়েছে তদন্ত।
জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে বারুইপুর পূর্বের উত্তরভাগ লাল পোলের কাছে তৃণমূল নেতা দ্বিজেন মন্ডলের বাড়িতে। এর আগেও ওই এলাকায় বহু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এমনকি বে-আইনি বাজি তৈরির অভিযোগও রয়েছে ওই এলাকায়। এমতাবস্থায় এই বিকট বিস্ফোরণ কীভাবে ঘটল তা নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই বিস্ফোরণের আতঙ্কে প্রতিবেশী এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন। ঘটনাস্থল কার্যত ধ্বংস্তুপে পরিণত হয়েছে।
এমতাবস্থায় প্রশ্ন উঠছে জোড়ালো বিস্ফোরণের নেপথ্যে কী কোনও বিস্ফোরক রয়েছে। এত তীব্রতা কীভাবে হল বিস্ফোরণের! ইতিমধ্যেই ঘটনাস্থল ঘুরে দেখছেন বারুইপুর থানার পুলিস। তাদের প্রাথমিক অনুমান, সিলিন্ডার ফেটেই এই বিস্ফোরণ হয়েছে। যদিও স্থানীয় বিজেপি-সিপিএমের কর্মী-সমর্থকদের দাবি, ওই বাড়িতে প্রচুর সংখ্যায় বোমা রাখা ছিল। ভোটে জিতলে তৃণমূল এলাকায় হিংসা ছড়ানোর জন্য বোমা-বারুদ জমা করেছিল! কিন্তু তৃণমূল হেরে যাওয়ায় আর কিছু হয়নি। ভোটের ফল বেরনোর পর থেকেই এলাকাছাড়া ওই তৃণমূল নেতা।