ফের প্রাকৃতিক বিপর্যয়ের কবলে উত্তরবঙ্গ। বুধবার রাত থেকেই সেখানে দফায় দফায় শুরু হয়েছে বৃষ্টি। যার জেরে ভূমিধস নেমেছে ১০ নম্বর জাতীয় সড়কে। ফলে ব্যাহত হয়েছে শিলিগুড়ি-সিকিম সড়ক যোগাযোগ। রাতভর বৃষ্টিতে বৃহস্পতিবার ভোরে সিংতাম ও রংপোর মাঝে বারডাং-এর কাছে পাহাড়ি রাস্তা ধসে তিস্তায় ভেসেছে। এমতাবস্থায় চরম সঙ্কটে পড়েছেন পর্যটক-সহ নিত্যযাত্রীরা।
জানা যাচ্ছে, লাগাতার বৃষ্টিতে ধস নেমে বন্ধ রয়েছে সিংটাম টানেল এলাকা, এটিটিসি কলেজ ও ২০ মাইলের কাছাকাছি রাস্তাগুলি। অন্যদিকে ১০ নম্বর জাতীয় সড়ক ধসের কারণে অবরুদ্ধ হয়ে পড়ায় যাতায়াত ব্যবস্থায় চরম ভোগান্তি দেখা দিয়েছে। আটকে পড়েছেন বহু পর্যটকও। এমতাবস্থায় প্রশাসনের তরফে পরবর্তী নির্দেশ না আশা পর্যন্ত শিলিগুড়ি, রংপো অথবা অন্য গন্তব্য এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে পর্যটকদের। তবে যাতায়াত ব্যবস্থা সচল রাখার জন্য তিনটি বিকল্প রাস্তার কথা বলা হয়েছে। সেগুলো হল-১. সিংটাম–সেন্ট্রাল পেন্ডাম–রংপো রোড ২. সিংটাম–ডুগা–রংপো রোড ৩. রানিফুল–পকিয়ং–রোরাথাং– রংপো।
এর মধ্যেই আবহাওয়া অফিসের তরফে আগামী ২৪ ঘণ্টা প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে উত্তরবঙ্গে। অতিভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। এছাড়াও ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে। সোমবার পর্যন্ত অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে।