বালিতে হোমিওপ্যাথি চিকিৎসককে কুপিয়ে খুন। বাড়ির পরিচারিকার বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে বলে খবর। তবে কী কারণে খুন হলেন ওই হোমিওপ্যাথি চিকিৎসক তা এখনও জানা যায়নি। পুরন...
বালিতে হোমিওপ্যাথি চিকিৎসককে কুপিয়ে খুন। বাড়ির পরিচারিকার বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে বলে খবর। তবে কী কারণে খুন হলেন ওই হোমিওপ্যাথি চিকিৎসক তা এখনও জানা যায়নি। পুরনো শত্রুতা, নাকি অন্য কোন জটিলতা, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিস। অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা যাচ্ছে, মৃতের নাম রামকৃষ্ণ চালকি। বালির জিটি রোডে এক বহুতল আবাসনে ছেলেকে সঙ্গে নিয়ে থাকতেন তিনি। বছর দেড়েক হল অভিযুক্ত পরিচারিকা তাঁর বাড়িতে কাজ শুরু করেছিলেন। কিন্তু গতকাল আচমকাই ধারালো অস্ত্র নিয়ে চিকিৎসকের উপর চড়াও হন ওই পরিচারিকা। তাঁর মাথায় কাটারি দিয়ে আঘাত করে হয় বলে অভিযোগ পরিবার সূত্রে। পরে বাবার মৃতদেহটি রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন রামকৃষ্ণের ছেলে। এরপরেই পুলিসে খবর দেওয়া হলে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান হয়।
অন্যদিকে পুলিস সূত্রে খবর, গতকাল চিকিৎসককে খুন করার পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছিলেন অভিযুক্ত পরিচারিকা। তবে ঠিক কী কারণে এই কাণ্ড ঘটালেন তিনি, তা এখনও জানা যায়নি। আজ অভিযুক্তকে হাওড়া আদালতে পেশ করে জেল হেফাজতের আর্জি জানায় পুলিস। খুনের রহস্যভেদ করতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।