শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক খুনে ভিন রাজ্যের যোগ রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। সূত্রের খবর, সেই লক্ষ্যে উত্তরপ্রদেশ ও লখনৌ যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সিটের সদস্যরা। চন্দ্রনাথ খুনের তদন্তে...
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক খুনে ভিন রাজ্যের যোগ রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। সূত্রের খবর, সেই লক্ষ্যে উত্তরপ্রদেশ ও লখনৌ যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সিটের সদস্যরা। চন্দ্রনাথ খুনের তদন্তে বৃহস্পতিবারই রাজ্য পুলিসের তরফে সিট গঠন করা হয়েছিল। সাত সদস্যের সিট-এর মাথায় রয়েছেন সিআইডি-র ডিআইজি পদমর্যাদার আধিকারিক। এ ছাড়াও বারাসত পুলিসের সদস্যের অধিকারিকরাও রয়েছেন দলে। রাখা হয়েছে এসটিএফ, সিআইডি-র আধিকারিকদেরও।
অন্যদিকে বৃহস্পতিবার রাতেই বারাসতের ১১ নম্বর রেল গেট থেকে একটি বাইক উদ্ধার করেছে পুলিস। মনে করা হচ্ছে এটিই আততায়ীদের ব্যবহার করা দ্বিতীয় বাইক। ইতিমধ্যেই প্রথম বাইকের সন্ধান পাওয়া গেছে। যদিও তার নাম-ঠিকানা রেজিস্ট্রেশন নিয়ে একাধিক অসঙ্গতি দেখা দিয়েছে। উদ্ধার হওয়া দ্বিতীয় বাইকটি চুরির বাইক বলে জানিয়েছেন তদন্তকারীরা। দমদম এলাকা থেকে সেটিকে চুরি করা হয়েছিল বলে জানতে পেরেছে পুলিস।
বুধবার রাতে মধ্যমগ্রামে নিজের আবাসনের অদূরে খুন হন চন্দ্রনাথ। তাঁর গাড়ি দাঁড় করিয়ে দুষ্কৃতীরা পর পর গুলি চালায়। ঝাঁঝরা হয়ে যান শুভেন্দুর আপ্তসহায়ক। গুলিবিদ্ধ হন তাঁর গাড়ির চালকও। আপাতত তিনি গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই হত্যাকাণ্ডের নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে সরাসরি অভিযোগ করছেন বিজেপি নেতৃত্ব। কেউ কেউ সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছেন। তবে দলীয় কর্মী-সমর্থকদের শান্ত, সংযত থাকার বার্তা দিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্বরা।