বাংলায় বিজেপি ক্ষমতায় এলে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (UCC) চালু হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। এবং, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বিধানসভার প্রথম অধিবেশনেই অ...
বাংলায় বিজেপি ক্ষমতায় এলে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (UCC) চালু হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। এবং, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বিধানসভার প্রথম অধিবেশনেই অভিন্ন দেওয়ানি বিধি-র বিল পেশ করতে চলেছে।
এই পরিস্থিতিতে কৌতূহল তৈরি হয়েছে, এই অভিন্ন দেওয়ানি বিধি ঠিক কী ও এর খসড়ায় কী প্রস্তাব করা হয়েছে?
অভিন্ন দেওয়ানি বিধি আদতে এমন একটি বিধি, যা ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার ক্ষেত্রে প্রযোজ্য। ‘দেওয়ানি’ শব্দটি এর নামেই রয়েছে। দেওয়ানি মামলার বিচার হয় দেওয়ানি বা সিভিল আদালতে। জমি-জমা, সম্পত্তি, সম্পর্ক, দাম্পত্য জীবন, বিবাহ ও বিবাহ বিচ্ছিন্নতা নিয়েই মামলা চলে এই আদালতে।
প্রসঙ্গত, দেশের সংবিধানে যে-দেওয়ানি বিধি রয়েছে, সংখ্যালঘু সমাজের ক্ষেত্রে তা প্রযোজ্য হয় না। সে ক্ষেত্রে, মুসলিম পার্সোনাল ল অনুযায়ী দেওয়ানি সংক্রান্ত মামলার বিচার হয়। কিন্তু, অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে, জাত-ধর্ম নির্বিশেষে সবার জন্য সমান আইন।
অসমে হিমন্ত বিশ্বশর্মার বিজেপি সরকার যেভাবে এই আইনের খসড়া করেছে, আপাতত তাকেই অনুসরণ করা হবে বলে সূত্রের খবর।
১. বহুবিবাহ নিষিদ্ধ, বিয়ে বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে রেজিস্ট্রি করতে হবে।
২. ডিভোর্সের ক্ষেত্রেও নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে।
৩. লিভ ইন সম্পর্কে থাকলেও তা রেজিস্ট্রেশন করতে হবে।
৪. ছেলে ও মেয়ের জন্য উত্তরাধিকার এবং সম্পত্তির অধিকারের ক্ষেত্রে সমতা নীতি প্রয়োগেরও প্রস্তাব রাখা হচ্ছে।
৫. বিয়ের ন্যূনতম বয়স ছেলেদের ক্ষেত্রে হবে ২১ এবং মহিলাদের ক্ষেত্রে হবে ১৮ বছর।
৬. তপশিলি উপজাতি সম্প্রদায়ের নিজস্ব যে প্রথাগত আইন ও রীতিনীতি রয়েছে সেটা বজায় থাকবে। এক্ষেত্রে তপশিলি উপজাতিদের ছাড় দেওয়া হবে অসম মডেলের মতোই।
আপাতত অসম-মডেলকে সামনে রেখেই রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধির বিল আনতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার।