তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর। এর মধ্যেই সাময়িক স্বস্তির খবর দিল আলিপুর হাওয়া অফিস। সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ফলে কিছুটা কমবে তাপমাত্রার পারদ। অন...
তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর। এর মধ্যেই সাময়িক স্বস্তির খবর দিল আলিপুর হাওয়া অফিস। সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ফলে কিছুটা কমবে তাপমাত্রার পারদ। অন্যদিকে উত্তরের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে চলবে ঝোড়ো হাওয়াও।
জানা যাচ্ছে, আগামীকাল অর্থাৎ শনিবার থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হবে জেলায় জেলায়। রবিবার কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে থাকবে কালবৈশাখীর পূর্বাভাস। ঝড়ের গতিবেগ ঘন্টা ৬০ কিলোমিটারে পৌঁছাবে ত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। সঙ্গে চলবে মাঝারি থেকে ভারী বৃষ্টি। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণের সব জেলায়।
এই অবস্থায় আগামী রবিবার এবং সোমবার সমুদ্র উত্তাল থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। যার জেরে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের আগামী সোমবার পর্যন্ত সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি বেশি।