হুগলি জেলার গোঘাট–১ নম্বর ব্লকের গোঘাট গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে তৈরি হয়েছে বড়সড় বিতর্ক। ক্যান্সারে আক্রান্ত এক অঙ্গনওয়াড়ি কর্মীর নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে ...
হুগলি জেলার গোঘাট–১ নম্বর ব্লকের গোঘাট গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে তৈরি হয়েছে বড়সড় বিতর্ক। ক্যান্সারে আক্রান্ত এক অঙ্গনওয়াড়ি কর্মীর নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়ায় চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে পুরো পরিবার। ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক ভূমিকা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন।
গোঘাট গ্রামের বাসিন্দা বন্দনা নাগা পেশায় একজন ICDS অঙ্গনওয়াড়ি কর্মী। বর্তমানে তিনি ক্যান্সারে আক্রান্ত এবং তাঁর কেমোথেরাপি চলছে। পরিবারের দাবি, গুরুতর অসুস্থ থাকা সত্ত্বেও ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া বা SIR-এ তিনি সহযোগিতা করেছিলেন। পরিবারের কথায়, এসআইআর শুনানিতে হাজির হওয়ার জন্য বন্দনা নাগা একটি নোটিশ পান। তবে তার শারীরিক অবস্থার কথা জানিয়ে আগেভাগেই স্থানীয় নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে কমিশনের প্রতিনিধিরা বাড়িতে এসে প্রয়োজনীয় যাচাইও করেন বলে দাবি পরিবারের।
কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায়, বন্দনা নাগার নামই তালিকা থেকে বাদ পড়েছে। শুধু তাই নয়, তার স্বামী বিকাশ নাগার নামও ‘ডিলিটেড’ দেখানো হয়েছে। আরও উদ্বেগজনক বিষয়, তাদের ছেলের নাম ‘বিচারাধীন’ তালিকায় চলে গেছে। ছয় সদস্যের এই পরিবার এখন চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে। বন্দনার স্বামী বিকাশ নাগা পেশায় গাড়ির চালক। একদিকে স্ত্রীর কঠিন অসুস্থতা, অন্যদিকে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনা তাকে গভীর উদ্বেগে ফেলেছে। পরিবারের ছেলে শ্রীমন্ত নাগা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন। অভিযোগ, সংশোধনের জন্য অনলাইনে ফর্ম ৬ জমা দেওয়ার চেষ্টাও বারবার ব্যর্থ হচ্ছে।
একজন ক্যান্সার আক্রান্ত অঙ্গনওয়াড়ি কর্মীর নাম যদি এভাবে ভোটার তালিকা থেকে যদি উধাও হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের ভোটাধিকার এবং প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন উঠতেই পারে। এখন দেখার, প্রশাসন দ্রুত এই সমস্যার সমাধান করে নাকি অসুস্থ এক নারী ও তাঁর পরিবারের লড়াই আরও দীর্ঘ হয়।