এক বছর পরেও বিচার না মেলার অভিযোগে আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছেন কাদম্বিনীর মা-বাবা। আর সেই আন্দোলন ঠেকাতে পুরোদমে প্রস্তুত রাজ্য পুলিস প্রশাসন। এবার কাদম্বিনীর বিচারের দাবিতে নবান্ন অভিযানের এই মিছি...
এক বছর পরেও বিচার না মেলার অভিযোগে আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছেন কাদম্বিনীর মা-বাবা। আর সেই আন্দোলন ঠেকাতে পুরোদমে প্রস্তুত রাজ্য পুলিস প্রশাসন। এবার কাদম্বিনীর বিচারের দাবিতে নবান্ন অভিযানের এই মিছিলে পা মেলাতে চলেছেন মৃত নাবালিকা তামান্নার মা-বাবা। ইতিমধ্যেই অভিযানে পা মেলাতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন নদীয়া কালীগঞ্জের মৃতা নাবালিকার পরিবার।
কালিগঞ্জে গত উপনির্বাচনে ভোট পরবর্তী হিংসায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বোমার আঘাতে মৃত্যু হয়, বছর দশের তামান্না খাতুনের। সেই ঘটনায় এখনো পর্যন্ত ২৪ জন অভিযুক্তদের মধ্যে মাত্র দশ জনকে গ্রেফতার করতে পেরেছে পুলিস। এখনো অধরা ১৪ জন অভিযুক্ত। সদ্য মেয়ে হারানোর যন্ত্রণা নিয়ে এবার কাদম্বিনীর বিচারের দাবিতে নবান্ন অভিযানে পা মেলাতে কলকাতায় আসছেন তামান্নার মা ও বাবা।
এদিন কলকাতা আসার পথে টেশন চত্বর এবং ট্রেনে থাকা সহযাত্রীদের হাতে রাখি বেঁধে দিলেন তামান্নার মা। মৃত মেয়ের ছবি বুকে নিয়ে বিচারের দাবিতে আরেক মেয়ের বিচার চাইতে আজ তাঁদের নবান্ন অভিযান। তামান্নার পরিবারের সঙ্গে আজ কলকাতায় নবান্ন অভিযানে পা মেলাতে চলেছেন কালীগঞ্জ এলাকার বেশ কিছু এলাকাবাসীও।
আজ নবান্ন অভিযানে শামিল হওয়ার বিষয়ে তামান্নার মা জানিয়েছেন,'আজ আমরা কাদম্বিনীর বিচার চাইতে কলকাতা যাচ্ছি। এক বছর কেটে গিয়েছে কাদম্বিনী এখনও বিচার পায়নি। আমার মেয়ে তামান্নাও এখনও বিচার পায়নি। ১৪ জন অভিযুক্ত এখনও অধরা।এই সমস্ত কিছুর বিচার চাইতেই আজ আমাদের নবান্ন অভিযান'।