সব্যসাচী দত্ত 'ঘনিষ্ঠ' তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা সোনার গয়না। সোমবার রাতে রাজারহাট-নিউটাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ককে নদিয়ার করিমপুরে নিয়ে যায় পুলিস। সেখানে কিশোরপুর এলাকার তৃণমূল ...
সব্যসাচী দত্ত 'ঘনিষ্ঠ' তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা সোনার গয়না। সোমবার রাতে রাজারহাট-নিউটাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ককে নদিয়ার করিমপুরে নিয়ে যায় পুলিস। সেখানে কিশোরপুর এলাকার তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার পৈতৃক বাড়িতে চলে রাতভর তল্লাশি। এরপরেই সেখান থেকে উদ্ধার হয় প্রায় তিন কেজি সোনার গয়না। যার বাজার মূল্য বর্তমানে ৪ কোটি ৩৯ লক্ষ টাকা।
পুলিস সূত্রে খবর, যে বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়েছে সেটি টিনার বাবা কাঞ্চন ভৌমিকের। সেখানেই গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে যৌথভাবে তল্লাশি চালায় বিধাননগর উত্তর এবং করিমপুর থানার পুলিস। এরপরেই উদ্ধার হয় কোটি কোটি টাকার সোনার গয়না। কিন্তু এই বিপুল পরিমাণ সোনা সেখানে কীভাবে এল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি এই টাকার উৎস কী তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিস।
জানা যাচ্ছে, গত ৮ জুন সব্যসাচীকে গ্রেফতার করার পর এই টিনার নাম জানতে পারেন তদন্তকারীরা। সেই মত তাঁকে তলব করা হয় জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু পুলিসের ডাকে সাড়া দেননি টিনা। এরপরেই তাঁর পৈতৃক বাড়ির খোঁজ পেয়ে সেখানে অভিযানে নামেন তদন্তকারীরা। এমতাবস্থায় স্থানীয়দের দাবি, এই বিপুল সোনার মালিক টিনা। যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেননি অভিযুক্ত মহিলা।
প্রসঙ্গত, তোলাবাজির অভিযোগে বর্তমানে জেল হেফাজতে রয়েছেন সব্যসাচী। গত ৮ জুন তাঁকে গ্রেফতার করেছে বিধাননগর উত্তর থানার পুলিস। এরপর ধৃতকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় তদন্তকারীরা। এর আগে সব্যসাচীর রাজারহাটের ফ্ল্যাট এবং ব্যাঙ্কের লকার মিলিয়ে প্রায় সাড়ে তিন কেজি সোনার সন্ধান মিলেছিল। তোলাবাজির টাকা দিয়েই এই সোনা কেনা হট বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। যদিও তা সঠিক কিনা, বিভিন্ন নথি ও প্রমাণ খতিয়ে দেখছে পুলিস।