অনেক জল্পনা-কল্পনা পেরিয়ে অবশেষে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছিল সোমবার গভীর রাতে। এবং, তারপরই শুরু হয়েছিল প্রবল বিতর্ক। প্রথমত, অনলাইনে ওই তালিকার নাগাল পাওয়া যায়নি দীর্ঘক্ষণ। হাতে গোন...
অনেক জল্পনা-কল্পনা পেরিয়ে অবশেষে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছিল সোমবার গভীর রাতে। এবং, তারপরই শুরু হয়েছিল প্রবল বিতর্ক। প্রথমত, অনলাইনে ওই তালিকার নাগাল পাওয়া যায়নি দীর্ঘক্ষণ। হাতে গোনা কয়েকজন বিএলও একমাত্র জানতে পেরেছিলেন, তাঁদের পার্ট নম্বরে বিবেচনাধীনদের মধ্যে কতজন যোগ্য ভোটার হয়ে উঠলেন। দ্বিতীয়ত, প্রযুক্তিগত বিভ্রাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শুভেন্দু অধিকারীর মতো হেভিওয়েট রাজনীতিকরাও রাতারাতি বিবেচনাধীন হয়ে গিয়েছিলেন। তৃতীয়ত, কারা বাদ আর কারা যোগ্য, রাজনৈতিক দলের বিএলএ-রা তা জানতে পারেননি।
এমতাবস্থায়, শুক্রবার রাত দশটানাগাদ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হতে চলেছে। আশঙ্কা, এবারও তা রাত বারোটা অবধি গড়িয়ে যাবে না তো? তালিকা প্রকাশিত হলে অনলাইনে তার নাগাল পাওয়া যাবে তো? এবং, এবারও প্রযুক্তি বিভ্রাট ঘটবে না তো?
'ব্রেফফাস্ট, লাঞ্চ, ডিনার'
বুধবার রামনগরে একটি দলীয় সভা থেকে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়, "ভোটার তালিকায় কত দূষিত জল ছিল! প্রথম রাউন্ড ব্রেকফাস্ট, ব্রেকফাস্টে বাদ গিয়েছে ৫৮ লক্ষ, লাঞ্চে ৭ লক্ষ, সন্ধেবেলায় লিকার-চা আর চিনাবাদাম হয়েছে, তাতে ৩২ লাখের মধ্যে ১৪ লাখ চলে গেছে। বাকি রয়েছে ২৮ লাখ। সব মিলিয়ে বাদ গিয়েছে ৭৯ লাখ। এখনও ডিনার হয়নি"।
প্রসঙ্গত, রাজ্যে এসইআর শুরু হওয়ার আগে ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। খসড়া তালিকায় বাদ গিয়েছে ৫৮ লক্ষ। এই ক্যাটেগরিতে স্থানান্তরিত, অনুপস্থিত বা বেপাত্তা, একাধিক জায়গায় নাম ও 'মৃত'দের বাদ দেওয়া হয়েছে। চূড়ান্ত তালিকা ফর্ম ৬-এর মাধ্যমে নতুন নাম যুক্ত হয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জন। বিবেচনাধীন (UNDER ADJUDICATION) নাম ৬০ লক্ষের চেয়ে সামান্য কিছু বেশি। ওই তালিকায় ডিলিটেড ৫ লাখ ৪৬ হাজার ৫৩ জন।
কমিশন সূত্রে খবর, বিবেচনাধীন (UNDER ADJUDICATION) ৬০ লক্ষের মধ্যে এখনও পর্যন্ত ৩২ লাখ নামের নিষ্পত্তি করতে পেরেছেন বিচারক তথা বিচারবিভাগীয় আধিকারিকরা। যার মধ্যে ৪০ শতাংশ নামই বাদ গিয়েছে বলে খবর।
বাদ-বিবাদের এই অঙ্ক কষে পর্যবেক্ষকরা মনে করছেন, সবমিলিয়ে ৮০ লক্ষ নাম বাদ যাচ্ছে কমপক্ষে। তাই, শুভেন্দু অধিকারীর ৭৯ লক্ষ বাদের হিসেব খুব-একটা ভুল কিছু নয়। 'এখনও ডিনার বাকি'।
শুক্রবার রাতেই কি ডিনার-পর্ব শুরু হবে?