গতকালই ধুমধাম করে পালন করা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। কিন্তু জানেন কি কেন ৫ই জুন বিশ্ব পরিবেশ পালন করা হয়? এই কারনটি অনেকেরই অজানা। এর পিছনে লুকিয়ে আছে একটি ইতিহাস। চলুন জেনে নিই সেই অজানা ইতিহাসটি কী?
পরিবেশ মানে আমাদের চারপাশের সমস্ত জীবিত এবং নির্জীব উপাদানগুলি যেমন বায়ু, জল, মাটি, গাছপালা, জীবজন্তু নিয়েই আমাদের এই পরিবেশে। এই প্রাকৃতিক উপাদানগুলি একে অপরের সাথে যুক্ত। একে বলা হয় ইকো স্টিটেম বা বাস্তুতন্ত্র। এই বাস্তুতন্ত্র কোনো কারনে নষ্ট হলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যায়। সেই কারণে দূষিত হচ্ছে পরিবেশ। এমন পরিস্থিতিতে পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করা এবং প্রকৃতি ও পরিবেশের গুরুত্ব বোঝানো খুবই জরুরি। এই উদ্দেশ্যে প্রতিবছর পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস।
পরিবেশ অতিরিক্ত মাত্রায় দূষিত হওয়ার কারণে সুইডেন সরকার ১৯৬৮ সালে ২০ মে জাতিসংঘের পরিষদের কাছে চিঠি পাঠায়। চিঠির মূল বিষয় বস্তু হল পরিবেশ দূষণের কথা। ভারতসহ সারা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে দূষণ। জীবন যাপনের জন্য প্রয়োজনীয় সমস্ত জিনিস সরবরাহ করে প্রকৃতি। এই ক্রমবর্ধমান দূষণে বিপাকে পড়েছে প্রকৃতি এবং প্রকৃতি ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত হবে জীবনযাত্রা। তাই সেই বছরই জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়টি সাধারণ অধিবেশনের সূচিতে অন্তর্ভুক্ত করা হয়। পরের বছর জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা এবং সমাধানের উপায় খুঁজতে সদস্য রাষ্ট্রগুলির সম্মতিতে সুইডেনের রাজধানী স্টকহোমে ১৯৭২ সালের ৫ থেকে ১৬ জুন জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে অংশগ্রহন করেছিল ১১৯ টি দেশ। সম্মেলনটি ইতিহাসের প্রথম পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের স্বীকৃতি পায়। ১৯৭৪ সালে সম্মেলনের প্রথম দিন ৫ জুনকে \'বিশ্ব পরিবেশ দিবস\' হিসেবে ঘোষণা করা হয়। ১৯৭৪ সাল থেকে প্রতিবছর দিবসটি বিশ্বব্যপী পালিত হয়ে আসছে।