বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির মাঝেই আবারও আলোচনায় উঠে এসেছে বুলগেরিয়ার রহস্যময় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গার নাম। সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে, বর্তমান যুদ্ধ পরিস্থিতি ও জ্বালানির দাম বৃদ্ধির বিষয়ে তিনি বহু আগেই ইঙ্গিত দিয়েছিলেন। যদিও এই দাবির সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে।
বর্তমানে মধ্যপ্রাচ্যের উত্তেজনা- বিশেষ করে ইরান, ইজরায়েল এবং আমেরিকার মধ্যে সংঘাত- বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলছে। এর সরাসরি প্রভাব পড়ছে ক্রুড তেলের দামে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে তার ধাক্কা লাগে পেট্রল, ডিজেল, সিএনজি এবং রান্নার গ্যাসের মতো জ্বালানির ওপরেও।
এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন, জ্বালানির দাম আরও বাড়তে পারে। কারণ বিশ্বের তেল পরিবহণের একটি গুরুত্বপূর্ণ পথ হল Strait of Hormuz। মধ্যপ্রাচ্যের এই সংকীর্ণ সমুদ্রপথ দিয়েই বিশ্বের বড় অংশের তেল রপ্তানি হয়। যদি এখানে উত্তেজনা বাড়ে বা সরবরাহ ব্যাহত হয়, তাহলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়তে পারে।
ভারতের মতো দেশ, যারা আন্তর্জাতিক তেলের আমদানির উপর অনেকটাই নির্ভরশীল, তাদের অর্থনীতিতেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তাই অনেক বিশেষজ্ঞই মনে করছেন, ভবিষ্যতে বিকল্প জ্বালানি বা শক্তির উৎসের দিকে আরও জোর দেওয়া জরুরি।
তবে বিজ্ঞানী ও গবেষকদের একাংশ বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী নিয়ে সন্দিহান। তাঁদের মতে, বড় কোনও ঘটনা ঘটলেই অনেক সময় অতীতের বিভিন্ন অস্পষ্ট বক্তব্যের সঙ্গে তা মেলানো হয়। ফলে এসব ভবিষ্যদ্বাণীকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বলে ধরা যায় না।
তবু যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার মাঝে বাবা ভাঙ্গার নাম ফের আলোচনায় উঠে এসেছে- আর তা নিয়েই চলছে জল্পনা ও বিতর্ক।