হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়া অত্যন্ত পবিত্র ও শুভ দিন হিসেবে বিবেচিত। বিশ্বাস করা হয়, এই দিনে করা যে কোনও শুভ কাজ, দান বা কেনাকাটার ফল কখনও ক্ষয় হয় না-বরং সময়ের সঙ্গে তা আরও বৃদ্ধি পায়। তাই অক্ষয় তৃতীয়ার দিন সোনা-রূপো কেনা, নতুন কাজ শুরু করা বা বিনিয়োগ করার বিশেষ গুরুত্ব রয়েছে। ২০২৬ সালে এই পবিত্র দিনটি পড়ছে ১৯ এপ্রিল, রবিবার।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এ বছরের অক্ষয় তৃতীয়ায় তৈরি হচ্ছে এক বিশেষ শক্তিশালী যোগ-গজকেশরী যোগ। এই যোগকে অত্যন্ত শুভ ও প্রভাবশালী রাজযোগ বলা হয়। সংস্কৃত ভাষায় ‘গজ’ অর্থ হাতি, যা শক্তি ও প্রজ্ঞার প্রতীক। আর ‘কেশরী’ মানে সিংহ, যা সাহস, নেতৃত্ব ও প্রতাপের প্রতীক। যখন জন্মকুণ্ডলীতে চন্দ্র থেকে বৃহস্পতি ১ম, ৪র্থ, ৭ম বা ১০ম ঘরে অবস্থান করে, তখন এই শুভ যোগ গঠিত হয়। অনেক জ্যোতিষীর মতে, চন্দ্র ও বৃহস্পতি একই রাশিতে থাকলেও গজকেশরী যোগের সৃষ্টি হতে পারে।
এই বিশেষ যোগের প্রভাবে জীবনে বৃদ্ধি পেতে পারে বুদ্ধি, মান-সম্মান, আর্থিক সাফল্য এবং সামাজিক প্রতিপত্তি। বিশেষ করে এ বছর মেষ, তুলা এবং ধনু-এই তিন রাশির জন্য সময়টি অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে।
মেষ রাশি: কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। চাকরিতে উন্নতি বা নতুন চাকরির সম্ভাবনাও তৈরি হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে এবং আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্যও সময়টি সাফল্যময় হতে পারে।
তুলা রাশি: এই সময়ে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে পারে। ব্যবসায় লাভ বাড়তে পারে এবং আয়ের নতুন পথ খুলে যেতে পারে। চাকরিজীবীরা পদোন্নতি বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। দাম্পত্য জীবনেও মধুরতা বাড়বে।
ধনু রাশি: ব্যবসায়ীদের জন্য এই সময় বিশেষভাবে শুভ। নতুন ব্যবসা শুরু করা বা পুরনো বিনিয়োগ থেকে লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরাও কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ পেতে পারেন। সমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে।