আজকের ...">
আজকের ব্যস্ত জীবনে সুন্দর ও পরিপাটি চুল অনেকের কাছেই গুরুত্বপূর্ণ। তাই অনেকেই প্রতিদিন চুল সেট রাখতে হেয়ার জেল বা সেটিং স্প্রে ব্যবহার করেন। কিন্তু প্রশ্ন হলো—রোজ এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করা কি সত্যিই প্রয়োজন, নাকি এতে চুলের ক্ষতি হতে পারে?
প্রথমেই জানা দরকার, প্রতিদিন জেল বা সেটিং স্প্রে ব্যবহার করা উচিত নয়। এগুলো মূলত চুল স্টাইল করার জন্য ব্যবহৃত হয়, যত্নের জন্য নয়। বরং অতিরিক্ত ব্যবহার করলে চুল শুষ্ক হয়ে যেতে পারে, স্ক্যাল্পে জমে থাকা রাসায়নিক উপাদান চুলের গোড়া দুর্বল করে দিতে পারে। ফলে চুল পড়া, খুশকি বা রুক্ষতার সমস্যা বাড়তে পারে। বিশেষ করে যেসব জেলে অ্যালকোহল বা কড়া কেমিক্যাল থাকে, সেগুলো দীর্ঘদিন ব্যবহার করলে চুলের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট হয়ে যায়। তাই প্রতিদিন ব্যবহার না করে বিশেষ প্রয়োজন বা অনুষ্ঠানের সময় ব্যবহার করাই ভালো।
তাহলে এবার প্রশ্ন হল কীভাবে নিয়মিত চুলের যত্ন নেবেন? চুল পরিষ্কার রাখা খুবই জরুরি। সপ্তাহে ২-৩ দিন নিজের চুলের ধরন অনুযায়ী মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন। অতিরিক্ত শ্যাম্পু করাও ঠিক নয়, এতে চুলের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়। তেল দেওয়া অভ্যাস করুন। নারকেল তেল, বাদাম তেল বা অলিভ অয়েল দিয়ে সপ্তাহে অন্তত ২ দিন মাথায় হালকা ম্যাসাজ করলে চুলের গোড়া মজবুত হয় এবং চুল নরম ও উজ্জ্বল থাকে। কন্ডিশনার ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করলে চুলে আর্দ্রতা বজায় থাকে এবং রুক্ষতা কমে।
হিট স্টাইলিং কম করুন। বারবার হেয়ার ড্রায়ার, স্ট্রেইটনার বা কার্লার ব্যবহার করলে চুলের ক্ষতি হয়। স্বাভাবিকভাবে চুল শুকাতে দিন, এতে চুল সুস্থ থাকবে। সুষম খাদ্য গ্রহণ করুন। প্রোটিন, ভিটামিন ও আয়রন সমৃদ্ধ খাবার যেমন ডিম, মাছ, শাকসবজি ও ফল চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। জেল বা সেটিং স্প্রে মাঝে মাঝে ব্যবহার করা ঠিক আছে, কিন্তু প্রতিদিন নয়। সুস্থ, সুন্দর চুলের জন্য প্রয়োজন সঠিক যত্ন ও নিয়মিত পরিচর্যা। প্রাকৃতিকভাবে চুলকে ভালো রাখার অভ্যাস গড়ে তুলুন, তাহলেই দীর্ঘদিন চুল থাকবে মজবুত ও আকর্ষণীয়।