আমরা প...">
আমরা প্রত্যেকেই চাই উজ্জ্বল ও স্বাস্থ্যকর ত্বক। তবে তার জন্য শুধু বাইরে থেকে যত্ন নিলেই হয় না, ভেতর থেকেও পুষ্টির জোগান দেওয়া জরুরি। সঠিক খাবার ত্বকের কোষকে পুষ্ট করে, কোলাজেন বৃদ্ধি করে এবং প্রাকৃতিক গ্লো এনে দেয়। তাই দৈনন্দিন খাদ্যতালিকায় কিছু পুষ্টিকর খাবার যোগ করলে সহজেই পাওয়া যায় গ্লোয়িং স্কিন। যেমন ধরুন কমলা, লেবু, আমলকি ও পেয়ারা ভিটামিন সি–তে ভরপুর। আর এই ভিটামিন সি কোলাজেন তৈরিতে সাহায্য করে, ফলে ত্বক টানটান ও উজ্জ্বল থাকে। প্রতিদিন একটি করে ভিটামিন সি–সমৃদ্ধ ফল খাওয়ার অভ্যাস করুন। আবার গাজরে রয়েছে বিটা-ক্যারোটিন, যা ত্বককে সূর্যের ক্ষতি থেকে রক্ষা করে। বিট রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে, ফলে ত্বকে স্বাভাবিক আভা আসে। সালাড বা জুস হিসেবে এগুলো খেতে পারেন।
কাঠবাদাম, আখরোট, চিয়া সিড ও সূর্যমুখীর বীজে রয়েছে ভিটামিন ই ও ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড। এগুলো ত্বককে ময়েশ্চারাইজড রাখে এবং বলিরেখা কমাতে সহায়তা করে। টমেটোতে থাকা লাইকোপেন ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা দেয়। নিয়মিত টমেটো খেলে ত্বক উজ্জ্বল ও সতেজ থাকে। ত্বকের উজ্জ্বলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জল। প্রতিদিন অন্তত ৮–১০ গ্লাস বা অন্তত ৩ লিটার জল পান করলে শরীর থেকে টক্সিন বের হয়ে যায় এবং ত্বক হাইড্রেটেড থাকে।
পালং শাক, ব্রকলি ও লাউয়ের মতো সবজি ত্বকের জন্য খুব উপকারী। এগুলোতে রয়েছে আয়রন, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করে। গ্লোয়িং স্কিন পেতে দামী প্রসাধনী নয়, দরকার সুষম ও পুষ্টিকর খাদ্যাভ্যাস। নিয়মিত স্বাস্থ্যকর খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুম এবং জল পান—এই তিনটি অভ্যাসই আপনাকে এনে দিতে পারে প্রাকৃতিক ও দীর্ঘস্থায়ী উজ্জ্বল ত্বক।