দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা থালাপতি বিজয়, যিনি ভক্তদের কাছে ‘থালাপতি’ নামে পরিচিত, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে এখন তুমুল চর্চা। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের পর তাঁর সঙ্গে স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গমের বিচ্ছেদের খবর বিনোদন দুনিয়ায় বড়সড় আলোড়ন তুলেছে।
খবরে জানা যাচ্ছে, আইনি বিচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেই সূত্রেই সামনে এসেছে আরও এক চাঞ্চল্যকর তথ্য। পরিবার ও সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে বিজয় নাকি স্ত্রী এবং তাঁদের দুই সন্তান- জেসন সঞ্জয় ও দিব্যা সাশাকে মোট প্রায় ২৫০ কোটি টাকা খোরপোশ দেওয়ার প্রস্তাব দিয়েছেন।
রিপোর্ট অনুযায়ী, সঙ্গীতা আদালতে জমা দেওয়া ডিভোর্স পিটিশনে দাবি করেছেন যে বিজয়ের এক নামী অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অভিযোগে বলা হয়েছে, বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে এবং কিছু ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় পরিবার ও সন্তানদের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। যদিও সেই অভিনেত্রীর নাম প্রকাশ করা হয়নি, তবে সোশ্যাল মিডিয়ায় অনেকেই অভিনেত্রী তৃষা কৃষ্ণানের নাম জড়িয়ে জল্পনা শুরু করেছেন।
বর্তমানে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় হয়ে উঠেছেন বিজয়। ফলে এই ব্যক্তিগত বিতর্ক তাঁর রাজনৈতিক ভাবমূর্তিতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে অভিনেতা নাকি এই বিষয়টি আদালতের বাইরে সমঝোতার মাধ্যমে মিটিয়ে ফেলতে চান, যাতে পরিবারের মর্যাদা বজায় থাকে এবং দীর্ঘ আইনি লড়াই এড়ানো যায়।
উল্লেখ্য, ১৯৯৯ সালে এক ব্যক্তিগত অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিজয় ও সঙ্গীতা। এত বছর ধরে তাঁরা নিজেদের ব্যক্তিগত জীবনকে আলোচনার বাইরে রেখেছিলেন। তাই হঠাৎ এই বিচ্ছেদের খবর ভক্তদের কাছেও বেশ ধাক্কা দিয়েছে। এখন দেখার বিষয়, এই বিতর্ক শেষ পর্যন্ত কোন পথে এগোয়।