Calcutta Television Network

'২০ হাজার অনুরাগী নিয়ে ফিরব!' লন্ডনের O2 এরিনায় ইতিহাস গড়তে চলেছেন বাদশা!

'২০ হাজার অনুরাগী নিয়ে ফিরব!' লন্ডনের O2 এরিনায় ইতিহাস গড়তে চলেছেন বাদশা!

5 March 2026 , 12:23:11 pm

ভারতীয় হিপ-হপ দুনিয়ার জনপ্রিয় র‍্যাপার বাদশা এবার ইতিহাস গড়তে চলেছেন লন্ডনের মাটিতে। আগামী ২২ মার্চ লন্ডনের বিখ্যাত The O2 Arena-তে পারফর্ম করতে চলেছেন তিনি। কিন্তু সেই ঐতিহাসিক মুহূর্তের আগেই ঘটল এক অদ্ভুত ঘটনা, যা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা শুরু হয়েছে।


সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন বাদশা। সেখানে দেখা যায়, লন্ডনের O2 এরিনার বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছেন তিনি। ভিডিয়োর উপর বড় অক্ষরে লেখা- 'ভেতরে ঢুকতে দিল না। এবার ২২ মার্চ ২০,০০০ সদস্যের পরিবার নিয়ে ভেতরে ঢুকব।' ক্যাপশনেও তিনি লন্ডনের অনুরাগীদের উদ্দেশ্যে লিখেছেন, 'লন্ডন, এবার ইজ্জতের সওয়াল! ২২ মার্চ দেখা হচ্ছে ওটু-তে।'

এই পোস্টের পর থেকেই ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। বহু অনুরাগী মন্তব্য করে লিখেছেন- দরজায় বাধা পাওয়া থেকে মঞ্চ জয় করা পর্যন্ত, এটাই বাদশার আসল পরিচয়। বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি-সহ অসংখ্য তারকাও তাকে সমর্থন জানিয়েছেন।


লন্ডনের এই বিশাল মঞ্চে পারফর্ম করার আগে কিছুটা উত্তেজনা ও চাপের কথাও স্বীকার করেছেন র‍্যাপার। সম্প্রতি জনপ্রিয় সঙ্গীত রিয়্যালিটি শো Indian Idol-এর সেটে গায়িকা শ্রেয়া ঘোষালের সঙ্গে দেখা করেন তিনি। শ্রেয়ার কাছে আশীর্বাদ ও পরামর্শ চাইলে তিনি বাদশার প্রশংসা করে দর্শকদের তার লাইভ শো দেখতে অনুরোধ জানান। সেই মুহূর্তে আবেগপ্রবণ হয়ে বাদশা লেখেন, 'আমি আশীর্বাদ চেয়েছিলাম, তিনি আমাকে আত্মবিশ্বাস দিয়েছেন।'

সংবাদ সংস্থা Asian News International-কে দেওয়া সাক্ষাৎকারে বাদশা বলেন, O2 এরিনায় হেডলাইনার হওয়া শুধু একটি শো নয়, বরং বহু বছরের স্বপ্ন পূরণের মুহূর্ত। তার মতে, দেশি হিপ-হপ এখন বিশ্বমঞ্চে নিজের জায়গা করে নিতে প্রস্তুত।

এখন সকলের নজর ২২ মার্চের দিকে। সেই দিন O2 এরিনার বিশাল মঞ্চে ২০ হাজার দর্শকের সামনে পারফর্ম করে ইতিহাস গড়ার অপেক্ষায় রয়েছেন বাদশা। অপমানের সেই বন্ধ দরজার জবাব তিনি দিতে চান গান ও পারফরম্যান্স দিয়েই। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN