দক্ষিণী সিনেমার মহাতারকা রজনীকান্তের আসন্ন বহুল আলোচিত ছবি ‘ধর্মণ’ এ আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। এই ঘোষণার পর থেকেই চলচ্চিত্র মহলে শুরু হয়েছে ব্যাপক উন্মাদনা। দীর্ঘ পাঁচ বছরের বিরতির পর আবারও বড়পর্দায় একসঙ্গে দেখা মিলবে এই জনপ্রিয় জুটির। এর আগে ২০২১ সালে ব্লকবাস্টার ‘আন্নাথে’ ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তাঁরা।
কিংবদন্তি অভিনেতা কমল হাসানের প্রযোজনা সংস্থা ‘রাজকমল ফিল্মস ইন্টারন্যাশনাল’-এর ব্যানারে নির্মিত হচ্ছে এই বিগ বাজেট সিনেমাটি। ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন নির্মাতা অশ্বথ মারিমুথু। সম্প্রতি একটি আকর্ষণীয় পোস্টার শেয়ার করে এই কাস্টিংয়ের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন ছবির নির্মাতারা ।
‘চন্দ্রমুখী’ কিংবা ‘দর্বার’-এর মতো সুপারহিট ছবির পর রজনীকান্ত ও নয়নতারার এই নতুন রিইউনিয়ন বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে। চলচ্চিত্রটিতে সিমরান এবং রাশি খান্নার মতো তারকারাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। ছবির নজরকাড়া সঙ্গীত পরিচালনা করছেন অনিরুদ্ধ রবিচন্দর। সব মিলিয়ে, এই তারকাখচিত প্রজেক্ট নিয়ে সিনেপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।