Calcutta Television Network

FAST সূত্রেই চিনুন স্ট্রোকের লক্ষণ, বিশ্ব স্ট্রোক দিবসে রইল সচেতনতার পাঠ

FAST সূত্রেই চিনুন স্ট্রোকের লক্ষণ, বিশ্ব স্ট্রোক দিবসে রইল সচেতনতার পাঠ
29 October 2026 • 02:50:16 pm

অফিস থেকে ফেরার সময় হঠাৎই শুরু হয় মাথা ঘোরানো। মাঝে মাঝেই এরকম হত বলে, সেভাবে আর গুরুত্ব দেয়নি অর্ক। শাটেলে উঠে জানলার ধারের সিটে বসতে গিয়েই পড়ে যায় সে, ঝাপসা হয়ে যায় দৃষ্টি। অর্ক চোখ খুলল যখন, তখন সে হাসপাতালের বিছানায়। মাইল্ড স্ট্রোক, মা-বাবা চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন। ওর বয়সই বা কত, সবে ২৮। ফিট, সুঠাম চেহারার ছেলে, এভাবে স্ট্রোক হতে পারে কেউ ভাবতেও পারেনি। হ্যাঁ ধূমপান বা মদ্যপানের অভ্যেস আছে ঠিকই অর্কের, তবে সেটা অকেশনালি। যাই হোক, সময়ে ওকে হাসপাতালে আনা হয়েছিল বলে, এ যাত্রায় বেঁচে গেছে সে। 


স্ট্রোক এমন একটি অসুখ যা বয়স দেখে হয়না। একটি পরিসংখ্যান অনুযায়ী প্রতি দশহাজার স্ট্রোক পেশেন্টের মধ্যে ২১ থেকে ২২ জনের বয়স তিরিশের মধ্যে। আরও বেশি করে এই নতুন প্রজন্মকে স্ট্রোকের লক্ষণ ও চিকিৎসা এসব নিয়ে সচেতন করার জন্যই ২৯শে অক্টোবর দিনটিতে  বিশ্ব স্ট্রোক দিবস পালন করা হয়। সাধারণত উচ্চরক্তচাপের কারণে মস্তিষ্কে রক্ত চলাচলে বাঁধা সৃষ্টি হলে স্ট্রোক হতে পারে। বেশি পরিমাণে জাঙ্ক ফুড খাওয়া, অতিরিক্ত পরিমাণে ধূমপান ও মদ্যপান স্ট্রোকের কারণ হতে পারে। স্ট্রোকের কারণে শুধু প্রাণহানি নয়, পঙ্গুও হতে পারে আক্রান্ত ব্যক্তি। গোটা বিশ্বে প্রতি ৬ জনে এক জন স্ট্রোকের শিকার হন। বছরে এই অসুখে আড়াই কোটির বেশি মানুষের মৃত্যু হয়, পঙ্গু হন দেড়কোটিরও বেশি মানুষ। 

ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন ২০০৬ সালে আজকের দিনটিকে 'বিশ্ব স্ট্রোক দিবস' হিসাবে ঘোষণা করেন। বিশ্ব জুড়ে স্ট্রোক নিয়ে সচেতনতা বাড়ানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হয়। স্ট্রোকের লক্ষণ চেনার জন্য একটি সূত্র ব্যবহার করা হয়, তা হল FAST, F অর্থে FACE DROOPING, হাসার সময় মুখের একদিক বেঁকে যাওয়া বা অবশ হয়ে যাওয়া। A অর্থে ARM WEAKNESS, কোনো একটি হাত সোজা করে তুলতে না পারা। S অর্থে, SPEECH DIFFICULTY, কথা স্পষ্ট করে বলতে না পারা বা জড়িয়ে যাওয়া। সব শেষে T, অর্থাৎ TIME TO CALL, এই লক্ষণগুলো দেখা মাত্রই সময় নষ্ট না করে রুগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। 


স্ট্রোক হওয়ার পরে প্রতিটি সেকেন্ড অত্যন্ত মূল্যবান। লক্ষণ দেখা যাওয়ার সাড়ে চার ঘন্টার মধ্যে রুগীকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু বা পক্ষাঘাত বাঁচানো যেতে পারে। আসুন আজ থেকে আমরা আরও সচেতন হই, পরিবার-সমাজেও সচেতন করি। সুস্থ জীবনযাপনের অঙ্গীকার করে স্ট্রোকমুক্ত বিশ্ব গড়ে তুলি।