Calcutta Television Network

গোছা গোছা চুল পড়ছে? নেপথ্যে থাকতে পারে এই ৮ কারণ

গোছা গোছা চুল পড়ছে? নেপথ্যে থাকতে পারে এই ৮ কারণ
28 October 2026 • 12:35:22 pm

চিরুনি থেকে স্নানের বাথরুম সর্বত্রই কি পড়ে থাকছে গোছা গোছা চুল? চুল পড়ার সমস্যা বাড়লেই দায়ী নয় দূষণ বা অযত্ন! শরীরে পুষ্টির ঘাটতি থেকে শুরু করে হরমোনের সমস্যা, এমনকি কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতেও ঝরে যেতে পারে চুল। কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?

চুল পড়া নিয়ে কমবেশি চিন্তায় থাকেন অনেকেই। দূষণ, অনিয়মিত জীবনযাপন, পুষ্টির ঘাটতি কিংবা চুলের পরিচর্যায় অবহেলা— চুলের স্বাস্থ্য খারাপ হওয়ার পিছনে একাধিক কারণ থাকতে পারে। তবে হঠাৎ করে চুল পড়ার পরিমাণ বেড়ে গেলে তার নেপথ্যে থাকতে পারে শারীরিক সমস্যাও। হরমোনের ভারসাম্যহীনতা থেকে শুরু করে ত্বকের প্রদাহজনিত রোগ, বিভিন্ন কারণে চুলের গোড়া দুর্বল হয়ে যেতে পারে। কোন কোন সমস্যার কারণে চুল পড়ার প্রবণতা বাড়ে?

১. মানসিক চাপ: অতিরিক্ত চিন্তা, উদ্বেগ ও কাজের চাপের প্রভাব পড়তে পারে চুলের উপরেও। দীর্ঘদিন মানসিক চাপে থাকলে চুলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে। অনেক সময় কোনও বড় অসুস্থতা বা মানসিক ধাক্কার কয়েক মাস পরেও চুল পড়া বেড়ে যায়।

২. পিসিওএস: অনেক মহিলাই পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোমের সমস্যায় ভোগেন। এই সমস্যায় হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে। তার ফলে মাথার চুল পাতলা হয়ে যেতে পারে। অনিয়মিত ঋতুস্রাব, ব্রণ ও মুখে অতিরিক্ত লোম গজানোর মতো সমস্যাও দেখা দিতে পারে।

৩. থাইরয়েডের সমস্যা: থাইরয়েড হরমোনের মাত্রা কমে গেলে বা বেড়ে গেলে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। এর পাশাপাশি ক্লান্তি, ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া এবং ঘুমের সমস্যাও হতে পারে।

৪. অ্যালোপেসিয়া: এই রোগে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা ভুল করে চুলের গোড়ায় আক্রমণ করে। ফলে মাথার নির্দিষ্ট কিছু জায়গায় গোলাকার ভাবে চুল উঠে যেতে পারে। কখনও ভুরু ও চোখের পাপড়িও ঝরে যায়।

৫. একজ়িমা ও সোরিয়াসিস: মাথার ত্বকে একজ়িমা বা সোরিয়াসিস হলে চুলকানি, লালচে দাগ ও খোসা ওঠার সমস্যা দেখা দিতে পারে। বারবার চুলকানোর ফলে চুল ভেঙে যেতে পারে এবং চুল পড়ার সমস্যা বাড়তে পারে।

৬. শরীরে আয়রনের ঘাটতি: শরীরে আয়রনের অভাব থাকলেও চুল পড়তে পারে। বিশেষ করে যাঁদের শরীরে রক্তাল্পতা রয়েছে, তাঁদের ক্ষেত্রে এই সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত ক্লান্তি, দুর্বলতা ও মাথা ঘোরার মতো লক্ষণও থাকতে পারে।

৭. ঠিকমতো খাওয়াদাওয়া না করা: চুলের বৃদ্ধি ঠিক রাখতে শরীরে প্রয়োজনীয় পুষ্টি থাকা জরুরি। খাবারে প্রোটিন ও অন্যান্য পুষ্টির অভাব হলে চুল দুর্বল হয়ে যেতে পারে। খুব কম খাওয়া বা অল্প সময়ে অনেকটা ওজন কমানোর চেষ্টা করলেও চুল পড়া বেড়ে যেতে পারে।

৮. ঘুমের অভাব ও অনিয়মিত জীবনযাপন: দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হওয়া, মানসিক চাপ এবং অনিয়মিত জীবনযাপন শরীরের উপর প্রভাব ফেলতে পারে। এর সঙ্গে পুষ্টির ঘাটতি থাকলে চুলের সমস্যাও বাড়তে পারে।

চুল পড়া কমাতে কী করবেন?

চুলের যত্ন নিতে নিয়মিত সুষম খাবার খান। খাবারে ডিম, মাছ, ডাল, শাকসব্জি ও ফল রাখুন। পর্যাপ্ত ঘুমোন এবং মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। চুলে অতিরিক্ত রাসায়নিক ব্যবহার, ঘন ঘন হিট স্টাইলিং ও চুলে টান পড়ে এমন হেয়ারস্টাইল এড়িয়ে চলুন।

তবে হঠাৎ করে প্রচুর চুল পড়তে শুরু করলে, মাথায় ফাঁকা জায়গা তৈরি হলে বা দীর্ঘদিন ধরে চুল পাতলা হতে থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজন হলে তিনি রক্তপরীক্ষা করে চুল পড়ার কারণ খুঁজে দেখতে পারেন। নিজের ইচ্ছায় ভিটামিন বা অন্য কোনও ওষুধ খাওয়া ঠিক নয়।