সারা বছর পড়াশোনা করেও, পরীক্ষা সামনে এলেই আপনার সন্তান সব পড়া ভুলে যায়? পরীক্ষায় ঠিকঠাক উত্তর লিখে আসতে পারছে না? সন্তানকে নিয়ে চিন্তিত? বারবার পড়া মুখস্থ না করিয়ে, সন্তানের পাতে দিন কয়েকটা খাবার, যা আপনার সন্তানের স্মৃতিশক্তিকে বাড়াতে সাহায্য করবে। পুষ্টিবিদরা জানাচ্ছেন, কিছু কিছু খাবার আছে, যেগুলি একজন শিশুর স্মৃতিশক্তিকে প্রখর করে।
সন্তানের খাবার খাওয়া নিয়ে সবসময় চিন্তায় থাকেন অভিভাবকরা। বাচ্চাকে খাওয়ানো মানে, যেন একটা যুদ্ধ। বেশির ভাগ অভিভাবকদের অভিযোগ থাকে, তাঁদের সন্তানরা কিছুতেই খাবার মুখে তুলতে চায় না। এতে বাচ্চার পুষ্টির ঘাটতি হতে থাকে। শিশুর বেড়ে ওঠার সময় স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি। তবে, সেটা শুধুমাত্র শারীরিক গঠনের জন্য নয়। শিশুর বুদ্ধিমত্তার জন্যও সমান নজর দিতে হবে। তার জন্য বাবা-মায়েরা সন্তানদের প্রোটিন জাতীয় খাবার খাওয়ান। কিন্তু সেটাই যথেষ্ট নয়। শিশুকে বুদ্ধিমান করে তুলতে কোন খাবারগুলি খাওয়ানো জরুরি? একনজরে দেখে নিন.....
১. টম্যাটো, রাঙা আলু, কুমড়ো কিংবা গাজরের মতো সবজিতে ক্যারোটিনয়েড জাতীয় উপাদান থাকে। এই উপাদানগুলি স্নায়ু ভালো রাখতে সাহায্য করে। বিশেষ করে চোখের স্বাস্থ্য ভালো রাখতে ক্যারোটিনয়েড খুবই উপকারী। এই সবজিগুলি অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। কোষের বৃদ্ধি ও স্বাস্থ্যরক্ষায় সহায়তা করে এই সবজিগুলি। পাশাপাশি বিভিন্ন ধরনের শাকও খাওয়াতে পারেন আপনার শিশুকে।
২. ডিমে প্রচুর পরিমাণ প্রোটিন ও অন্যান্য জরুরি পুষ্টির উপাদান থাকে। সুষম খাদ্য হিসাবেও নিয়মিত ডিম খেতে বলেন অনেক পুষ্টিবিদ। বিশেষ করে ডিমে কোলিন নামে একটি উপাদান থাকে, এই কোলিন মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। অন্যদিকে, দুধ ও দুগ্ধজাত খাদ্যে থাকে ভিটামিন ডি, এই ভিটামিন ডি স্নায়ুতন্ত্রের স্বাস্থ্যরক্ষা করতে ও স্নায়ুকোষের আয়ু বৃদ্ধি করতে সাহায্য করে।
৩. স্মৃতিশক্তি বৃদ্ধিতে সামুদ্রিক মাছ খুবই উপকারী। কারণ সামুদ্রিক মাছে ‘ওমেগা ৩ ফ্যাটি অ্যসিড’ থাকে। তাছাড়া, এই গোত্রের মাছে থাকে ‘ডিএইচএ’ ও ‘ইপিএ’ নামের দুটি উপাদান, যা মস্তিষ্ক ভাল রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুরা মাছ খেতে চায় না। তবে, সামুদ্রিক মাছ যদি অন্য রকম ভাবে রান্না করে খাওয়াতে পারেন, তাহলে আপনার সন্তানের বুদ্ধি হবে প্রখর।