ফের শিরোনামে নিপা ভাইরাস। বাংলায় কয়েকটি সন্দেহজনক ঘটনার খবরে স্বাভাবিক ভাবেই উদ্বেগ বেড়েছে। যদিও চিকিৎসক ও বিশেষজ্ঞরা জানাচ্ছেন- এখনই আতঙ্কের প্রয়োজন নেই, তবে সতর্কতা ভীষণ জরুরি। নিপা ভাইরাস একটি জুনোটিক ভাইরাস, অর্থাৎ যা প্রাণী থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। এর প্রাকৃতিক বাহক হল ফল-বাদুড়, যাদের ‘উড়ন্ত শিয়াল’ও বলা হয়। অনেক ক্ষেত্রে শূকরও সংক্রমণের মাধ্যম হতে পারে।
নিপা ভাইরাসে আক্রান্ত হলে হালকা জ্বর, মাথাব্যথা, বমি থেকে শুরু করে ভয়াবহ এনসেফালাইটিস বা মস্তিষ্কে ফোলাভাব পর্যন্ত দেখা দিতে পারে। তাই সংক্রমণের সম্ভাব্য উৎসগুলি চিহ্নিত করে সেগুলি এড়িয়ে চলাই সবচেয়ে বড় সুরক্ষা।
বিশেষজ্ঞদের মতে, শীতকালে সবচেয়ে ঝুঁকিপূর্ণ খাদ্য হল খোলা পাত্রে সংগ্রহ করা খেজুরের রস। বাদুড় সহজেই এই রসে মুখ দেয়, সেখান থেকেই ভাইরাস ছড়াতে পারে। তাই যতই লোভ হোক, খোলা খেজুরের রস এড়িয়ে চলাই বুদ্ধিমানের। তবে ভাল ভাবে প্রস্তুত করা নলেন গুড় তুলনামূলক নিরাপদ।