Calcutta Television Network

মারণ বিপদ লুকিয়ে রক্তচাপে! ওষুধে ফাঁকি দিলে কী হতে পারে?

মারণ বিপদ লুকিয়ে রক্তচাপে! ওষুধে ফাঁকি দিলে কী হতে পারে?
2 November 2026 • 11:50:24 am

মাথা ধরছে না, মাথা ঘুরছে না, শরীরও দিব্যি ভালো। তা হলে রক্তচাপের ওষুধ খাওয়ার আর প্রয়োজন কী? এমন ভাবনা থেকেই অনেক সময় নিয়ম ভাঙেন উচ্চ রক্তচাপের রোগীরা। কেউ ব্যস্ততায় ওষুধ খেতে ভুলে যান, কেউ আবার রক্তচাপ নিয়ন্ত্রণে এসেছে ভেবে নিজের ইচ্ছাতেই ওষুধ বন্ধ করে দেন। কিন্তু শরীরের ভিতরে যে বিপদ ধীরে ধীরে জমছে, তা অনেক সময় টেরও পাওয়া যায় না। চিকিৎসকদের সতর্কবার্তা অনুযায়ী , দীর্ঘদিন এই অভ্যাস চলতে থাকলে বাড়তে পারে হৃদ্‌রোগ ও স্ট্রোকের আশঙ্কা।

উচ্চ রক্তচাপের ওষুধ কতটা নিয়মিত খাওয়া হচ্ছে, তার সঙ্গে চিকিৎসার সাফল্যের সম্পর্ক কতটা গভীর? এই প্রশ্নের উত্তর খুঁজতেই ২০২৬ সালের ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিয়োলজির সম্মেলনে একটি গবেষণার ফলাফল তুলে ধরা হয়। ৯১,৩৩৯ জনের তথ্য এবং ন’টি ক্লিনিক্যাল ট্রায়ালের বিশ্লেষণে দেখা যায়, যাঁরা নিয়ম মেনে ওষুধ খেয়েছেন, তাঁদের রক্তচাপ কমেছে তুলনামূলক বেশি।

গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত ওষুধ খাওয়ার ক্ষেত্রে সিস্টোলিক রক্তচাপ গড়ে ৫.২ মিলিমিটার পারদ কমেছে। অন্য দিকে, যাঁদের ওষুধ খাওয়ার অভ্যাসে অনিয়ম ছিল, তাঁদের ক্ষেত্রে এই হ্রাসের পরিমাণ ৩ মিলিমিটার পারদ। অর্থাৎ, ওষুধ খাওয়ার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখলে চিকিৎসার সুফলও বেশি পাওয়া যেতে পারে।

এক দিন ওষুধ বাদ গেলেই কি স্ট্রোক হতে পারে?

গবেষণার ফলাফল সামনে আসার পর অনেকের মনেই এই প্রশ্ন আসতে পারে। তবে আতঙ্কিত হওয়ার কারণ নেই। এক দিন ওষুধ খেতে ভুলে গেলেই হার্ট অ্যাটাক বা স্ট্রোক হবে, এমন কোনও সিদ্ধান্ত গবেষণায় দেওয়া হয়নি। বরং দীর্ঘদিন ধরে ওষুধ খাওয়ার ক্ষেত্রে অনিয়ম হলে চিকিৎসার কার্যকারিতা কমে যেতে পারে, সেটাই উঠে এসেছে বিশ্লেষণে।

উপসর্গ নেই মানেই বিপদ নেই, এমন নয়

উচ্চ রক্তচাপকে অনেক সময় 'নীরব ঘাতক' বলা হয়। কারণ, রক্তচাপ বেড়ে গেলেও অধিকাংশ ক্ষেত্রে শরীরে স্পষ্ট কোনও লক্ষণ দেখা যায় না। দিব্যি স্বাভাবিক জীবনযাপন করলেও ভিতরে ভিতরে ক্ষতিগ্রস্ত হতে পারে হৃদ্‌যন্ত্র ও রক্তনালি। দীর্ঘদিন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং কিডনির সমস্যার ঝুঁকিও বাড়তে পারে।

ওষুধ খাওয়ার কথা ভুলে যান? কাজে আসতে পারে এই কৌশলগুলি

-বার বার ওষুধ খাওয়ার কথা ভুলে গেলে কয়েকটি সহজ অভ্যাস তৈরি করতে পারেন।

-প্রতিদিন নির্দিষ্ট সময়ে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখুন।

-সপ্তাহের ওষুধগুলি আলাদা করে রাখুন পিল অর্গানাইজ়ার বাক্সে।

-দাঁত মাজার পর বা রাতের খাবারের মতো কোনও দৈনন্দিন অভ্যাসের সঙ্গে ওষুধ খাওয়ার সময় মিলিয়ে নিন।

-ওষুধ শেষ হওয়ার আগেই পরবর্তী ডোজ়ের ব্যবস্থা রাখুন।

মনে রাখবেন, রক্তচাপ নিয়ন্ত্রণে এসেছে বলে নিজের ইচ্ছায় ওষুধ বন্ধ করা যাবে না। কোনও দিন ওষুধ খেতে ভুলে গেলে কী করবেন, তা চিকিৎসক বা ফার্মাসিস্টের কাছ থেকে জেনে নিন। নিজের সিদ্ধান্তে পরের দিন দ্বিগুণ ডোজ় খাবেন না।