Calcutta Television Network

'বাঁচাতে পারলাম না', কান্নায় ভেঙে পড়লেন গাজার শিশু চিকিৎসক

'বাঁচাতে পারলাম না', কান্নায় ভেঙে পড়লেন গাজার শিশু চিকিৎসক
23 November 2026 • 04:36:46 pm

"বাচ্চাটাকে নিয়ে এল ওর মা, দেখলাম কোনও সার নেই। কিন্তু কী করব বুঝে উঠতে পারলাম না। হাসপাতালে যা আছে সব ভাঙাচোরা। হাসপাতাল লক্ষ্য করেই ওরা ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। অর্ধেকটাই ভেঙে পড়েছে। কিছুটা রয়ে গেছে"।  এক নিশ্বাসে কথাগুলো বলে চলেছেন গাজার শিশু চিকিৎসক তানিয়া হজ  হাসান। 

অগ্নিদগ্ধ শিশু, ক্ষতবিক্ষত শরীর, অসহায় মা-বাবা। ইজরায়েলের  ছো়ডা ক্ষেপণাস্ত্রে বাড়ি ভেঙে পড়েছে। আগুনে ঝলসে গেছে শিশু-শরীর। হাসপাতালে অসহায় চিকিৎসক।

 গাজার শিশুরা কেমন আছে, তা বোঝাতে এর চেয়ে 'প্রাণবন্ত' বর্ণনা আর কিছু হতে পারে না।

 ২০২৩ সালের ৭ অক্টোবর প্যারাগ্লাইডারে করে ইজরায়েলে হানা দিয়েছিল হামাস জঙ্গিরা। পাল্টা প্রত্যাঘাত করেছিল ইজরায়েল। সেই থেকে শুরু। তিনবছর পেরিয়ে গেছে। গাজায় তবু রাতের আকাশে বজ্রবিদ্যুতের মতো ঝলক দিচ্ছে ক্ষেপণাস্ত্র। ভেঙে পড়ছে ঘরবাড়ি, হাসপাতাল। একটু জলের জন্য ভারি বালতি বয়ে আনছে ৬ বছরের শিশু। বোমারু বিমানের দুঃসহ শব্দে দুঃস্বপ্নের রাত কাটাচ্ছে শিশুরা। মা-বাবাকে হারিয়ে অনাথ হয়ে পড়েছে বহু শিশু। কেউ চোখের সামনে তার ছোটবোনকে ঝলসে মরে যেতে দেখছে। তবু, কিছু করার থাকছে না। এমনকি, ক্ষুধানিবৃত্তির জন্য ত্রাণশিবিরে লাইন দিলে সেখানেও ইজরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্রে বেঘোরে মরতে হচ্ছে।

 রাষ্ট্রসঙ্ঘের বিভিন্ন সংগঠন ও তার প্রতিনিধিরা দাবি করছেন, সংঘর্ষবিরতির পরও ক্ষেপণাস্ত্র ছুড়ে চলেছে ইজরায়েল। আর প্রতিদিনই মৃত্যুর খবর  আসছে। এদিকে শীত এসে গেছে। মাথার উপর ছাদ হারিয়ে অস্থায়ী ছাউনিতে রয়েছে বহু মানুষ। বৃষ্টিতে জলে ডুবুডুবু অবস্থা সেখানে। তবু, ত্রাণ সামগ্রী নিয়ে যাঁরা আসছে, তাঁদের বাধা দেওয়া হচ্ছে। কনকনে ঠান্ডা, তার উপর বৃষ্টি। এরই মধ্যে শুধু শীতের দাপটেই বহু শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি করছেন সমাজকর্মীরা। গরম দুধ তো দূরের কথা, একটা কম্বল পর্যন্ত পাচ্ছে না ছোটরা। আর বড়দের কথা যত কম বলা যায় ততই ভালো। শেষ প্রাণশক্তিটুকু নিয়ে শিশু সন্তানকে বাঁচাতে চাইছে মায়েরা। কিন্তু বাঁচানো যাচ্ছে না। 

একদিকে কম্বল-বিহীন কনকনে শীতের রাত, অন্যদিকে অপুুষ্টিতে হাড়-বেরিয়ে-পড়া শরীর। হাসপাতালে নেই চিকিৎসার সরঞ্জাম, নেই জুভেনাইল ডায়াবেটিকদের জন্য ইনসুলিন পর্যন্ত। বিস্ফোরণে ঝলসে যাওয়া ছোটদের হাত-পা অ্যাম্পিউট করতে হচ্ছে, কেটে বাদ দিতে হচ্ছে। সবমিলিয়ে নরকযাপন করতে হচ্ছে গাজার শিশুদের। "একে বিপর্যয় বলা যায় না কোনওমতেই, এ একেবারে   গণহত্যা", কান্নায় ভেঙে পড়ে বললেন শিশু চিকিৎসক তানিয়া হজ  হাসান।