১২ ডিসেম্বর, ১৯৯৬ । বাংলাদেশে তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে তখন প্রধানমন্ত্রী দেবগৌড়া। দুই দেশের মধ্যে গঙ্গার জলবণ্টন নিয়ে ৩০ বছরের এক চুক্তি হয়। সেই চুক্তির মূল কথা ছিল, ফরাক্কা ব্যারেজ থেকে দুই দেশের মধ্যে গঙ্গার জল বণ্টন হয়। ফরাক্কায় জলের প্রবাহ যদি ৭০ হাজার কিউসেক বা তার কম হয়, তাহলে তা তা দুই দেশের মধ্যে সমানভাগে বণ্টন করা হবে। জলের প্রবাহ যদি ৭০ থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকে তাহলে বাংলাদেশ পাবে ৩৫ হাজার কিউসেক আর বাদবাকি পাবে ভারত। প্রবাহ যদি ৭৫ হাজার কিউসেক ও তার বেশি হয়, তাহলে বাংলাদেশ পাবে ৪০ হাজার কিউসেক আর বাদবাকিটা পাবে ভারত।
বিদেশমন্ত্রক সূত্রে খবর, ভারত আর এই ধরনের দীর্ঘমেয়াদি চুক্তিতে যেতে আগ্রহী নয়। ঢাকায় দুই দেশের মধ্যে বৈঠক চলছে ঠিকই। তবে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কূটনৈতিক মহলের মতে এর একাধিক কারণ রয়েছে। প্রথমত, বাংলাদেশে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর হিন্দুদের প্রতি নির্যাতন তীব্র হয়েছে। প্রতিবাদে হিন্দুরা এককাট্টা হতেই জেলে পুরে দেওয়া হয়েছে ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুকে। পরে বিএনপি ক্ষমতায় এলে হিন্দু-নির্যাতন কিছুটা কমে ঠিকই। কিন্তু পরে আবার তা বাড়তে থাকে। জলবণ্টন ছুক্তির ক্ষেত্রে কূটনৈতিক মহলের কাছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল, বিএনপি প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের আমন্ত্রণে সাড়া দিয়ে নয়াদিল্লিমুখী হননি। তৃতীয় কারণ শেখ হাসিনাকে ঘিরে। ২০২৪ সালের তথাকথিত গণঅভ্যুত্থান দমন করতে হাসিনার পুলিস ও সামরিক বাহিনীর গুলিতে কয়েকশোজনের মৃত্যু হয় বলে দাবি। এরপর হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর ট্রাইবুনালে তাঁর অনুপস্থিতিতেই বিচার হয়। সেই বিচারে হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এমতাবস্থায়, হাসিনা যখন তাঁর নিজের দেশে ফিরতে চাইছেন, তখন ঢাকা থেকে কোনও ইতিবাচক সাড়া পাচ্ছে না নয়াদিল্লি। প্রশ্ন উঠছে, মৃত্যুদণ্ড বহাল থাকলে হাসিনার বাংলাদেশ প্রত্যাবর্তন ঝুঁকি হয়ে উঠবে না তো? কারণ, হাসিনার বিপদ মানেই বাংলাদেশের হিন্দুদের বিপদ। এমতাবস্থায়, বাংলাদেশের শাসকপক্ষকে কড়া বার্তা দিতে দীর্ঘমেয়াদী কোনও জলবণ্টন চুক্তিতে যেতে রাজি নয় ভারত।
এই জলচুক্তির প্রেক্ষাপটে আরও একটি বিষয় উঠে আসছে। বিহার সরকার চাইছে না এই চুক্তি হোক। কারণ, সুখা মরসুমে তাদেরও জল দরকার হয়। গত তিরিশ বছরে একাধিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে। তাই মনে করা হচ্ছে,এবার আর বাংলাদেশকে উদারহস্তে জল ছাড়বে না ভারত। বড়জোর, অল্পদিনের মেয়াদে একটি চুক্তি হতে পারে। আর সেই চুক্তির মেয়াদ শেষ হলে ফের চুক্তি করার আগে ঢাকাকে চাপে রাখবে নয়াদিল্লি।